Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিলেটে গ্যাস কূপ খনন / হুকুম দখল নয়, ভূমি অধিগ্রহণ চেয়ে আবেদন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ ডিসেম্বর ২০২৫ ২০:২৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেট: সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের ডুপিটিলা-১ নম্বর কূপ (অনুসন্ধান কূপ) খনন প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় স্থাবর সম্পত্তি হুকুম দখলের পরিবর্তে ভূমি অধিগ্রহণ করার আবেদন জানিয়েছেন এলাকাবাসী।

রোববার (৭ ডিসেম্বর) সিলেটের জেলা প্রশাসক বরাবর জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের শতাধিক ব্যক্তির সই করা আবেদনপত্র জমা দেওয়া হয়।

আবেদনপত্রে বলা হয়, ডুপিটিলা-১ নম্বর কূপ খনন কাজ বাস্তবায়নের জন্য ওই এলাকায় স্থাবর সম্পত্তি হুকুম দখল করার প্রস্তুতি নেওয়া হয়েছে।

খনন কাজের প্রক্রিয়া অনুযায়ী, ১২/১৪ ফুট মাটি/বালি দিয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন রোলার দ্বারা কম্পেকশনের মাধ্যমে ভরাট করা হবে। পরে ম্যাকাডম, আরসিসি, প্যালাসাইডিং, ইট সলিং, রীগ ফাউন্ডেশনের কাজ করা হবে। এইসব কাজে বিভিন্ন ধরনের ক্যামিকেল ব্যবহার করা হবে।

বিজ্ঞাপন

আরও বলা হয়, ফলে ভূমির উর্বরা শক্তি বিনষ্ট হয়ে ভূমি শ্রেণি পরিবর্তনের আশঙ্কা রয়েছে। যা আগামী ৫০ বছরে পূর্বাবস্থায় ফিরিয়ে আনা সম্ভব নয়।

আবেদনে স্থাবর সম্পত্তি হুকুম দখলের পরিবর্তে অধিগ্রহণের মাধ্যমে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়।

প্রসঙ্গত, সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের আওতাধীন হরিপুর, রশীদপুর, বিয়ানীবাজার, কৈলাশটিলাসহ ১১ নম্বর কূপ খনন প্রকল্পেও অধিগ্রহণের মাধ্যমে খনন কাজ চলমান রয়েছে।

আবেদনকারীরা উত্তরাধিকারী সূত্রে যথসামান্য ভূমি সম্পত্তির মালিক উল্লেখ করে বলেন, ‘আমরা আউশ আমন বোরো ও শীতকালীন সবজি চাষ করে জীবিকা নির্বাহ করি। কৃষিকাজ ছাড়া আমাদের জীবিকা নির্বাহের বিকল্প কোনো ব্যবস্থাও নেই।’

আবেদন পত্রে হাজী আব্দুল খালিক, আবু সায়েম, তাজুল ইসলাম, আলী আহমদ, ফয়জুল মিয়াসহ এলাকার ১০০ ব্যক্তি সই করেন।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো