Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হাদির লাশবাহী গাড়ির ছাদে হাসনাত-সাদিক, জনতা সামলানোর চেষ্টা

স্টাফ করেসপন্ডেন্ট
২০ ডিসেম্বর ২০২৫ ১৭:১২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও চব্বিশের গণঅভ্যুত্থানের অন্যতম নেতা শহীদ শরীফ ওসমান হাদির জানাজা শেষে তার মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়ে যাওয়া হয়েছে। এ সময় সংসদ ভবন সংলগ্ন এলাকা থেকে হাদির লাশবাহী গাড়ির ছাদে উঠে জনতাকে নিয়ন্ত্রণের চেষ্টা করতে দেখা যায় জাতীয় নাগরিক পার্টি’র দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আবদুল্লাহ, ডাকসুর ভিপি সাদিক কায়েম এবং ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের-কে।

শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে জানাজা শেষে হাসনাত–সাদিক–জাবেরসহ সহযোদ্ধারা হাদির মরদেহ নিয়ে রওনা হন। পথে অসংখ্য মানুষ লাশবাহী গাড়ির সঙ্গে যোগ দেন। জনসমাগমের কারণে গাড়ির চলাচল নির্বিঘ্ন রাখতে গাড়ির ছাদে উঠে জনতাকে সামলানোর চেষ্টা করেন তারা।

বিজ্ঞাপন

এর আগে সকালে সোহরাওয়ার্দী হাসপাতালে শহীদ ওসমান হাদির মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। পরে মরদেহ নেওয়া হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে। সেখানে গোসল শেষে সহযোদ্ধা ও সমর্থকদের অংশগ্রহণে মিছিলসহ মরদেহ আনা হয় মানিক মিয়া এভিনিউর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়।

সকাল থেকেই সংসদ ভবন এলাকায় মানুষের ঢল নামে। বেলা একটার দিকে ফার্মগেট, বিজয়স্মরণী, আসাদগেটসহ আশপাশের এলাকায় জনসমাগম ব্যাপক আকার ধারণ করে। এ সময় ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’ এবং ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’ এমন স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা।

ইনকিলাব মঞ্চ জানিয়েছে, পরিবারের ইচ্ছানুযায়ী শহীদ ওসমান হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শহীদ ওসমান হাদির জানাজার নামাজে ইমামতি করবেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, জানাজা শেষে হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশেই দাফন করা হবে।

সারাবাংলা/টিএম/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর