Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ব্রাহ্মণবাড়িয়া-২ / স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন রুমিন ফারহানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ ডিসেম্বর ২০২৫ ১৭:৪৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক রুমিন ফারহানা।

শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বিটঘর বাজারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

রুমিন ফারহানা বলেন, ‘আমি যা বলি, তা-ই করি। আমার এলাকার মানুষের সিদ্ধান্তই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। আপনারা যদি আমার পাশে থাকেন, মার্কা যা-ই হোক— আমি সরাইল-আশুগঞ্জ থেকেই নির্বাচন করব।‘

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, দেশের অনেক আসনে প্রার্থী ঘোষণা নিয়ে উৎসব চলছে, অথচ সরাইল-আশুগঞ্জের মানুষ এখনো জানে না তাদের এমপি প্রার্থী কে হবেন, যা দুঃখজনক।

নিজের রাজনৈতিক ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, গত ১৭ বছর রাজনীতিতে তার ভূমিকা সম্পর্কে এলাকাবাসী অবগত। বাবার অপূর্ণ স্বপ্ন পূরণ করতেই রাজনীতিতে এসেছেন উল্লেখ করে তিনি বলেন, মানুষের সমর্থন পেলে তিনি দেশ গঠনে ভূমিকা রাখতে পারবেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, গত ১৫ বছর ধরে দেশের মানুষ প্রকৃত অর্থে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। সরকার ২০২৬ সালে ভালো নির্বাচন দেওয়ার কথা বলছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা সেই কথায় বিশ্বাস রাখতে চাই।’

নির্বাচনের আগে সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, অবৈধ অস্ত্র উদ্ধার করা, ভোটার-প্রার্থী ও নির্বাচনকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।

এলাকার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, সরাইল ও আশুগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার স্বপ্ন রয়েছে তার। জনগণের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হলে সে লক্ষ্য বাস্তবায়নে কাজ করবেন বলেও জানান তিনি।

উল্লেখ্য, ইতোমধ্যে দুই দফায় ২৭২টি আসনে প্রার্থী ঘোষণা করলেও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে এখনো প্রার্থী ঘোষণা করেনি বিএনপি। এদিকে রুমিন ফারহানা গত কয়েক মাস ধরে সরাইল ও আশুগঞ্জ উপজেলায় নিয়মিত জনসংযোগ ও সামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর