Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্ল্যাটিনাম জুবিলি কাল

ঢাবি করেস্পন্ডেন্ট
১৩ জানুয়ারি ২০২৬ ২২:১৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: নারী শিক্ষার অন্যতম পথিকৃৎ হয়ে দীর্ঘ পথচলার মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে দেশের অন্যতম বিদ্যাপীঠ ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ। বুধবার (১৪ জানুয়ারি) প্রতিষ্ঠানটি তার গৌরবের ৭৫ বছরে পদার্পণ উপলক্ষ্যে জমকালো ‘প্ল্যাটিনাম জুবিলি’ উদযাপন করতে যাচ্ছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে জানানো হয়, ১৯৫২ সালের ১৪ জানুয়ারি যাত্রা শুরু করা ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ দীর্ঘ তিন চতুর্থাংশ শতাব্দী ধরে দেশে মেধাবী ও নেতৃত্বগুণসম্পন্ন নারী প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এই ঐতিহাসিক মাইলফলক স্মরণীয় করে রাখতে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ, গভর্নিং বডি ও অ্যালামনাই অ্যাসোসিয়েশন একত্রে দিনটি উদযাপন করবে।

বিজ্ঞাপন

বিবৃতিতে আরও বলা হয়, তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর ফিরোজ খান নূনের স্ত্রী বেগম ভিকারুননিসা নূনের উদ্যোগে ১৯৫২ সালে প্রতিষ্ঠানটি পূর্ণাঙ্গ রূপ লাভ করে। বেইলি রোডের মূল ক্যাম্পাস থেকে শুরু করে আজিমপুর, ধানমন্ডি ও বসুন্ধরা শাখাসহ বর্তমানে প্রায় ২৫ হাজার শিক্ষার্থীর পদচারণায় মুখরিত এই বিদ্যাপীঠ। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে আধুনিক রাষ্ট্র বিনির্মাণে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দেশ-বিদেশে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।

প্ল্যাটিনাম জুবিলি উদযাপনে অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের অ্যালামনাই শাখা একাত্মতা প্রকাশ করেছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। এতে প্রতিষ্ঠানের বর্তমান অধ্যক্ষের উদ্ধৃতি দিয়ে বলা হয়, ‘এই ৭৫ বছর কেবল একটি সংখ্যা নয়; এটি হাজার হাজার নারীর স্বপ্ন পূরণের ইতিহাস।’

বিবৃতি অনুযায়ী, দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

অনুষ্ঠানসূচি অনুযায়ী, দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত অ্যালামনাই রেজিস্ট্রেশন অনুষ্ঠিত হবে। বিকেল ৩টায় জাতীয় পতাকা উত্তোলন, বেলুন উড়ানো ও কেক কাটার মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে।

বিকেল ৩টা ১৫ মিনিটে প্রধান অতিথির বক্তব্য, ৩টা ৩০ মিনিটে বিশেষ অতিথিদের বক্তব্য এবং বিকেল ৪টায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৫টা ৩১ মিনিটে নামাজ ও টিফিন, সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে র‍্যাফেল ড্র এবং সন্ধ্যা ৭টায় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হবে। অনুষ্ঠানের ড্রেস কোড নির্ধারণ করা হয়েছে নীল রঙ।

সারাবাংলা/কেকে/এইচআই
বিজ্ঞাপন

আজ ঢাকার বাতাস ‘সহনীয়’
২২ সেপ্টেম্বর ২০২৬ ১০:০০

বজ্রপাতসহ ভারী বৃষ্টির পূর্বাভাস
২২ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৫২

আরো