Saturday 17 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৯ ফেব্রুয়ারি তারেক রহমানের ভাষণ প্রচারে ব্যবস্থা নিতে বিটিভিকে ইসির নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৩৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) ভাষণ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আগামী ৯ ফেব্রুয়ারি তার এই ভাষণ প্রচারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিটিভি কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিকের সই করা এক চিঠিতে এই নির্দেশনার কথা জানানো হয়।

নির্বাচন কমিশন জানিয়েছে, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরির লক্ষ্যে সব প্রার্থীর জন্য রাষ্ট্রীয় গণমাধ্যমে সমান প্রচারের সুযোগ থাকা জরুরি। সেই ধারাবাহিকতায় জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ৬ (গ) অনুসরণ করে রাজনৈতিক দলের প্রধানদের জন্য বিটিভিতে স্লট বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক্ষেত্রে যারা আগে আবেদন করবেন, তারা ক্রমানুসারে প্রচারের সুযোগ পাবেন।

বিজ্ঞাপন

কমিশন আরও উল্লেখ করেছে যে, এখন পর্যন্ত বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল এই সুযোগের জন্য আবেদন করেনি। ফলে দলটির চাহিদা অনুযায়ী চেয়ারম্যান তারেক রহমানকে ৯ ফেব্রুয়ারি শেষ স্লটে বক্তব্য প্রদানের অনুমতি দিতে বলা হয়েছে। ভাষণ রেকর্ডিংয়ের তারিখ ও সময় সংশ্লিষ্ট দলের সঙ্গে আলোচনা করে বিটিভি কর্তৃপক্ষ নির্ধারণ করবে।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে এবার ৫১টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে এবং ১০ ফেব্রুয়ারি সকাল পর্যন্ত তাদের প্রচারের সুযোগ থাকবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর