Friday 16 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মুন্সীগঞ্জে অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

জেলা করেসপন্ডেন্ট
৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৩২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার চরাঞ্চল গুয়াগাছিয়া ইউনিয়নে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এক যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। পুলিশের তালিকাভুক্ত ‘নৌ ডাকাত’ নয়নের ছেলে এবং স্থানীয় কিশোর গ্যাং লিডার নীরবের বসতবাড়িতে এই অভিযান চালানো হয়।

গজারিয়া আর্মি ক্যাম্প সূত্রে জানা যায়, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে বাংলাদেশ সেনাবাহিনী দেশব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত ১টা থেকে ভোর পর্যন্ত সদর দফতর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীনে গজারিয়া আর্মি ক্যাম্পের একটি দল গুয়াগাছিয়া এলাকায় তল্লাশি অভিযান পরিচালনা করে।

বিজ্ঞাপন

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে নীরবের বসতবাড়ি থেকে ১টি শুটার গান, ২ রাউন্ড গুলি, অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম এবং ৩টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। তবে অভিযান চলাকালে সন্দেহভাজন নীরবকে বাড়িতে পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, নীরব ওই এলাকার কুখ্যাত ‘নয়ন ও পিয়াস’ ডাকাত দলের অন্যতম শীর্ষ নেতা নয়নের ছেলে। তার সহযোগীরা অনুপস্থিত থাকায় নীরব এলাকায় একটি কিশোর গ্যাং পরিচালনা করছিল। তার বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং এলাকায় আধিপত্য বিস্তারের মাধ্যমে জনমনে ত্রাস সৃষ্টির অভিযোগ রয়েছে।

উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় অস্ত্রসমূহ পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য গজারিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে মুন্সীগঞ্জ আর্মি ক্যাম্পের অপারেশন অফিসার এক বিবৃতিতে জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনী দৃঢ়প্রতিজ্ঞ। সন্ত্রাস, নাশকতা ও মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তিনি যে কোনো সন্দেহজনক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্পে জানানোর জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানান।

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো