Friday 09 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জরুরি ভিত্তিতে পুলিশে ২ হাজার ৭০১ জনের নিয়োগ: স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:০৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: জরুরি ভিত্তিতে পুলিশে ২ হাজার ৭০১ জন কনস্টেবল নিয়োগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, খুব দ্রুত জরুরি ভিত্তিতে এই নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। এটা দ্রুত বাস্তবায়ন শুরু হবে।

আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের বিষয়ে তিনি বলেন, ‘ফ্যাসিবাদী সরকারের সময় যেসব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছিল সেগুলো আমরা ভেরিফাই করব। যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে করা হয়েছিল কিনা আমরা সেটি খতিয়ে দেখব। আমরা আশা করি এটা দ্রুততার সঙ্গে করতে পারব। লাইসেন্স যারা পেয়েছে তারা এটা পাওয়ার উপযুক্ত কিনা সেটা যাচাই করা হবে। আর রাজনৈতিক উদ্দেশে লাইসেন্স পেলে সেগুলো বাতিল করা হবে।’

বিজ্ঞাপন

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমার জানা মতে দশ হাজারের বেশি অস্ত্র এখনো উদ্ধার হয়নি। সেগুলো এখন অবৈধ। এগুলো নিয়ে মামলা হতে পারে। যথাযথ প্রক্রিয়ায় এগুলো উদ্ধার হবে।’

বিডিআর হত্যাকাণ্ড নিয়ে তিনি বলেন, ‘পুনরায় কমিশন গঠন করে সেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে দেখে সেই কমিটির সুপারিশ অনুযায়ী এর বিচার করা হবে। এটা আমাদের নির্বাচনি ইশতেহারেও আছে।’

নির্বাচনের আগে দেশে লটারিতে ওসি-এসপি নিয়োগের বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘নির্বাচনের আগে দেশে লটারিতে ওসি-এসপি নিয়োগ দেওয়া হয়েছে। এতে যার যেখানে যাওয়ার কথা না সেখানে দেওয়া হয়েছে। যারা যে জেলা সামলাতে পারবেন না তাকে সেখানে দেওয়া হয়েছে। এগুলো সার্ভিস রেকর্ড দেখে দেওয়া উচিত ছিল। আমরা মনে করি এই লটারির প্রক্রিয়াও স্বচ্ছ হয়নি।’

তিনি বলেন, ‘৫ আগস্টে বেশকিছু মামলায় অনেক সুবিধাবাদী গ্রুপ ভোগান্তিতে ফেলতে সাধারণ অনেককে মামলায় জড়িয়েছে। এগুলোর বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হবে। এ বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে। এগুলো পরীক্ষা-নিরীক্ষা করে রিপোর্ট দেওয়া হবে। এ কাজগুলো পুলিশ করবে। পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না। তবে পুলিশের জবাবদিহিতা অবশ্যই নিশ্চিত করা হবে। যাতে তাদের দ্বারা মানুষ হয়রানির শিকার না হয়।’

‎

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর