Friday 16 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভোলায় মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের দাবিতে লিগ্যাল নোটিশ

স্টাফ করেসপন্ডেট
২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৩২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ভোলা জেলায় একটি সরকারি মেডিকেল কলেজ ও আধুনিক হাসপাতাল স্থাপনের দাবিতে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী ও ভোলা জেলার বাসিন্দা অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া এ নোটিশ পাঠান। স্বাস্থ্য সচিবসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ নোটিশ প্রদান করা হয়েছে।

এর আগে ভোলা জেলায় একটি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন করেন তিনি।

আবেদনে উল্লেখ করা হয়, দক্ষিণাঞ্চলের বৃহত্তম দ্বীপ জেলা ভোলার বর্তমান জনসংখ্যা প্রায় ১৮ লাখ। তবে দীর্ঘদিন ধরে জেলার মানুষ প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হয়ে আসছে। ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন ও নদী-সাগরবেষ্টিত হওয়ায় বরিশাল বা ঢাকায় গিয়ে চিকিৎসা নেওয়া অধিকাংশ সময়েই কষ্টসাধ্য, ব্যয়বহুল ও সময়সাপেক্ষ হয়ে পড়ে।

বিজ্ঞাপন

ফলে অনেক রোগী সময়মতো চিকিৎসা না পেয়ে মৃত্যুবরণ করছেন কিংবা স্থায়ীভাবে পঙ্গুত্ববরণ করছেন, যা মানবিকভাবে অত্যন্ত উদ্বেগজনক।

স্বাধীনতার পর থেকে ভোলা জেলার স্বাস্থ্যখাতে উল্লেখযোগ্য কোনো উন্নয়ন হয়নি বলেও আবেদনে দাবি করা হয়। জেলার একমাত্র সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো প্রয়োজনের তুলনায় অপ্রতুল, জনবল সংকটপূর্ণ এবং আধুনিক চিকিৎসা সরঞ্জামের অভাবে কার্যত অকার্যকর হয়ে পড়েছে।

এছাড়া জরুরি চিকিৎসা নিতে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছাতে চার থেকে পাঁচ ঘণ্টা সময় লাগে। স্থলপথে সরাসরি যাতায়াতের সুযোগ না থাকায় দুর্ভোগ আরও বেড়ে যায়।

আবেদনে আরও বলা হয়, বাংলাদেশের সংবিধানের ১৫(ক), ১৮(১) ও ৩২ অনুচ্ছেদ অনুযায়ী স্বাস্থ্যসেবা একটি মৌলিক নাগরিক অধিকার। অথচ ভোলার জনগণ নিয়মিতভাবে এ অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, যা রাষ্ট্রের নীতিগত অঙ্গীকারের পরিপন্থি।

এই প্রেক্ষাপটে ভোলা জেলায় একটি সরকারি মেডিকেল কলেজ ও আধুনিক হাসপাতাল স্থাপন অত্যন্ত জরুরি ও সময়োপযোগী বলে উল্লেখ করা হয়।

আইনজীবী জানান, লিগ্যাল নোটিশ পাওয়ার পরও কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করলে উচ্চ আদালতে রিট আবেদন করা হবে।

সারাবাংলা/টিএম/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর