Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

উপকূলবাসীর পানির হাহাকার, পানি দিবসে কলসবন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ মার্চ ২০২৬ ১৩:৪৫
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

সাতক্ষীরা: বিশ্ব পানি দিবস ২০২৬ উপলক্ষ্যে ‘পানি ও লিঙ্গ সমতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা জেলার শ্যামনগরে সুপেয় পানির সংকট নিরসনের দাবিতে, খালি কলস হাতে নিয়ে কলসববন্ধন করেছেন উপকূলবাসী।

রোববার (২২ মার্চ) সকাল ১১টায় উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের মথুরাপুর গ্রামে এই কলসবন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বেসরকারি উন্নয়ন সংস্থা গ্লোবাল প্লাটফর্ম বাংলাদেশ ও সিডো সাতক্ষীরার সহযোগিতায়, উপকূলীয় যুব স্বেচ্ছাসেবী সংগঠন ‘শরুব ইয়ুথ টিম’ এই কর্মসূচির আয়োজন করে। এ সময় স্থানীয় শতাধিক নারী ও যুবরা পানির কলস নিয়ে নদীর তীরে অবস্থান নেন। কলসবন্ধনে তারা ‘টাকা দিয়ে পানি কিনে খেতে চাই না’, পানি বাণিজ্যিকরন বন্ধ করো ‘আর কতকাল লবণ পানি খেতে হবে?’-সহ বিভিন্ন প্রতিবাদ সম্বলিত ব্যানার ফেস্টুন হাতে নিয়ে নিজেদের দাবিগুলো তুলে ধরেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে সমবেত শতাধিক নারী-পুরুষের উদ্দেশে বক্তব্য দেন শরুব ইয়ুথ টিমের নির্বাহী পরিচালক এস এম জান্নাতুল নাঈম। তিনি বলেন, ‘চারিদিকে শুধু পানি, নেই শুধু সুপেয় পানি। বার বার নদী ভাঙনের ফলে উপকূলের মিষ্টি পানির আধারগুলো লবণ পানিতে ডুবে যায়। খাওয়ার পানি সংগ্রহে উপকূলের নারীদের সবসময় সংগ্রাম করতে হয়। বাধ্য হয়ে পানি কিনে খেতে হয়।’

শরুবের ডেপুটি কর্ডিনেটর আবিদ হেসেন বলেন, ‘উপকূলবাসীকে সুপেয় পানির নিশ্চয়তা রাষ্ট্রকেই দিতে হবে। স্থানীয় বাসিন্দা অর্পিতা মন্ডল বলেন, টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও সুপেয় পানি নিশ্চিত করে জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- শরুবের প্রোগ্রাম ডিরেক্টর দেবব্রত বিশ্বাস,জলবায়ু যোদ্ধা ফুয়দ মাহমুদ,রবিউল ইসলাম, শরুব ইয়ুথ টিমের স্বেচ্ছাসেবী উম্মে সালমা,হালিমা খাতুন,জেবা তাসনিয়া ,আব্দুস সালাম, রাজীব বৈদ্যসহ অন্যান্যরা।

সারাবাংলা/এনজে