Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

জুলাইযোদ্ধাদের সর্বসম্মতভাবে দায়মুক্তি দেওয়া হবে: তথ্যমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
২৫ মার্চ ২০২৬ ১২:৫৫
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা: জুলাইযোদ্ধাদের সর্বসম্মতভাবে দায়মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বর্তমান সরকারের এক মাস পূর্তিতে বুধবার (২৫ মার্চ) সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন দেশের সার্বিক পরিস্থিতি ও সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেছেন।

মন্ত্রী জানান, জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী যোদ্ধাদের সর্বসম্মতভাবে দায়মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার এবং আগামী সংসদ অধিবেশনেই এ সংক্রান্ত বিশেষ আইন পাস করা হবে।

নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, দায়িত্ব নেওয়ার মাত্র ২১ দিনের মাথায় চার কোটি ১০ লাখ পরিবারের জন্য ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে।

বিজ্ঞাপন

এ ছাড়া কৃষক ও সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আগামী পহেলা বৈশাখ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণের উদ্বোধন করবেন এবং পর্যায়ক্রমে সবাইকে ই-হেলথ কার্ড দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে।

প্রশাসনিক সংস্কার ও জনভোগান্তি লাঘবে সরকার বেশ কিছু বৈপ্লবিক পরিবর্তন এনেছে বলে ব্রিফিংয়ে জানানো হয়। এখন থেকে সংসদ সদস্যরা কোনো শুল্কমুক্ত গাড়ি বা প্লট সুবিধা পাবেন না এবং প্রধানমন্ত্রীর চলাচলের সময় ভিআইপি প্রটোকলের বিশাল বহর বাতিল করা হয়েছে। স্বাস্থ্য খাতে বড় ধরনের জনবল সংকট মেটাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে, যার মধ্যে ৮০ শতাংশই নারী কর্মী।

এছাড়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দ্রুত চালুর পাশাপাশি প্রধান বিমানবন্দরগুলোতে ফ্রি ইন্টারনেট সেবা চালু করা হয়েছে। গার্মেন্টস খাতের স্থিতিশীলতা বজায় রাখতে ২ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যার ফলে এবারের ঈদের আগে শ্রমিকদের বেতন-বোনাস নিয়ে কোনো অসন্তোষ তৈরি হয়নি।

দেশের জ্বালানি ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তথ্যমন্ত্রী আশ্বস্ত করেন যে, বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই এবং এর মূল্য বাড়ানোর কোনো পরিকল্পনাও সরকারের নেই। মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে ইরানে আটকে পড়া চার শতাধিক প্রবাসী বাংলাদেশিকে সরকারি খরচে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

এদিকে, বিচার বিভাগের নিরাপত্তা প্রসঙ্গে জানানো হয় যে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের ব্যক্তিগত ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঘটনায় শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। ডিজিটাল ফরেনসিক পরীক্ষার মাধ্যমে বিষয়টির তদন্ত চলছে।

তথ্যমন্ত্রী আরও জানান, এখন থেকে প্রতি মাসে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও অগ্রগতির বিস্তারিত বিবরণ নিয়মিতভাবে জাতির সামনে তুলে ধরা হবে।

সারাবাংলা/এফএন/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর