Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুষ্টিয়ায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ এপ্রিল ২০২৬ ১১:৩২

কুষ্টিয়া: কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আইজা (৫ মাস) ও ইব্রাহিম (৮ মাস) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় হাম উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়ালো ৪ জনে।

জানা গেছে, শুক্রবার (৩ এপ্রিল) রাত ১২টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আইজা নামের সাড়ে পাঁচ মাস বয়সী এক মেয়েশিশুর মৃত্যু হয়। সে শহরের রেনউক মোড় এলাকার মমিনের মেয়ে। হাসপাতালের উপ-পরিচালক ডা. এ এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, গত চার দিন ধরে শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

অন্যদিকে, একইদিন রাত সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া আড়াইশ শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইব্রাহিম (৮ মাস) নামের আরেক শিশুর মৃত্যু হয়। সে দৌলতপুর উপজেলার চঞ্চল হোসেনের ছেলে। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমাম জানান, শুক্রবার বিকেল ৩টার দিকে হাম উপসর্গ নিয়ে তাকে ভর্তি করা হয় এবং রাতে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

হাসপাতাল সূত্রে জানা গেছে, জেলায় হামের উপসর্গ নিয়ে রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে এরই মধ্যে হাম রোগীদের জন্য আলাদা কর্নার চালু করা হয়েছে। তবে রোগীর চাপ বেড়ে যাওয়ায় অনেককে সাধারণ শিশু ওয়ার্ডেও চিকিৎসা নিতে হচ্ছে, এতে শয্যা সংকট দেখা দিয়েছে।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, এ পর্যন্ত জেলায় অন্তত ৩০০-এর বেশি শিশু হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে ১৩০ জনের বেশি শিশু চিকিৎসাধীন রয়েছে।

কুষ্টিয়ার সিভিল সার্জন শেখ মোহাম্মদ কামাল হোসেন জানান, হামের টিকার স্বল্পতা, সচেতনতার ঘাটতি এবং বাইরের জেলা থেকে মানুষের আগমন সংক্রমণ বৃদ্ধির অন্যতম কারণ। তিনি বলেন, আক্রান্ত শিশুদের জন্য জেলার সব হাসপাতালে ‘হাম আইসোলেশন কর্নার’ চালু করা হয়েছে এবং টিকা পাওয়া মাত্র দ্রুত টিকাদান কার্যক্রম শুরু করা হবে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর