Sunday 20 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভারতে ইলিশ পাঠানোর বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করলেন মন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
৬ এপ্রিল ২০২৬ ১৪:৪১

ঢাকা: আসন্ন পহেলা বৈশাখ উপলক্ষ্যে ভারতে ইলিশ পাঠানো হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত প্রধানমন্ত্রী তারেক রহমান নেবেন বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

সোমবার (৬ এপ্রিল) সচিবালয়ে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬’ উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, সরকার বাণিজ্যিকভাবে ইলিশ রপ্তানি করে না বরং প্রতিবেশী দেশ ভারতে যা পাঠানো হয় তা মূলত সৌজন্য উপহার হিসেবেই দেওয়া হয়। তাই এবারের উৎসব উপলক্ষ্যে ইলিশ পাঠানোর বিষয়টি সরকার প্রধানের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে মন্ত্রী দেশে ইলিশের উৎপাদন বাড়াতে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। তিনি বলেন, ইলিশের সরবরাহ বৃদ্ধি পেলে বাজারে এর দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে চলে আসবে। সেই লক্ষ্যেই ইলিশ সম্পদ রক্ষা ও উৎপাদন বৃদ্ধির জন্য ৭ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত দেশব্যাপী ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬’ পালনের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। দেশের ২০টি জেলায় এই কর্মসূচি পালিত হবে এবং চাঁদপুরে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

মন্ত্রী এই সময়ে জাটকা আহরণ, ক্রয়-বিক্রয় ও মজুত থেকে বিরত থাকার জন্য সবার প্রতি উদাত্ত আহ্বান জানান এবং ঘোষণা দেন যে সাগর থেকে বাজার পর্যন্ত সব পর্যায়ে নজরদারি জোরদার করা হবে।

একই অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু জানান, জাটকা সংরক্ষণে প্রয়োজনে জেলেদের জন্য খাদ্যসহ অতিরিক্ত সহায়তা প্রদান করা হবে। সেই সঙ্গে জেলেদের জন্য বরাদ্দকৃত আর্থিক সহায়তা বিতরণে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না বলেও কঠোর হুঁশিয়ারি দেন তিনি।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর