বাংলাদেশের বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। দলে নেই অস্ট্রেলিয়ার তিন সেরা পেসার প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউড। এই তিনজনকে বিশ্রাম দিয়েছে অস্ট্রেলিয়া। তাদের অনুপস্থিতিতে পেস আক্রমণে এসেছেন নতুনরা।
তরুণ ব্যাটিং তারকা অলিভার পিকে ও সম্ভবনাময় অলরাউন্ডার লিয়াম স্কট প্রথমবার জায়গা পেয়েছেন জাতীয় দলে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নেই গ্লেন ম্যাক্সওয়েল। তবে দলে জায়গা করে নিয়েছেন জোয়েল ডেভিস।
অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেছেন, ‘নতুন খেলোয়াড়দের আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ পাওয়াটা সব সময়ই রোমাঞ্চকর। অভিজ্ঞ এবং নতুনদের সংমিশ্রণ এই উপমহাদেশীয় সফরে দারুণ ভারসাম্য তৈরি করবে।’
এবারের বাংলাদেশ সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া। ওয়ানডে সিরিজটা হবে মিরপুরে আর টি-টোয়েন্টি চট্টগ্রামে। ৯ জুন মিরপুরে হবে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি। ১১ ও ১৪ জুন হবে বাকি দুই ওয়ানডে। চট্টগ্রামে ১৭, ১৯ ও ২১ জুন মাঠে গড়াবে তিনটি টি-টোয়েন্টি।
বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার ওয়ানডে স্কোয়াড: মিচেল মার্শ (অধিনায়ক), জাভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারে, কুপার কনলি, বেন ডোয়ারশুইস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিশ, ম্যাথিউ কুহনেম্যান, মার্নাস ল্যাবুশেন, ম্যাথিউ রেনশ, তানভীর সংঘ, লিয়াম স্কট, অ্যাডাম জাম্পা।
বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি স্কোয়াড: মিচেল মার্শ (অধিনায়ক), জাভিয়ার বার্টলেট, কুপার কনলি, টিম ডেভিড, জোয়েল ডেভিস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, ট্রাভিস হেড, জশ ইংলিশ, স্পেন্সার জনসন, ম্যাথিউ কুহনেম্যান, রাইলি মেরেডিথ, জশ ফিলিপ, ম্যাথিউ রেনশ, অ্যাডাম জাম্পা।