Tuesday 12 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

আনিসুল-সালমানের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পিছিয়ে ২১ জুন

স্টাফ করেসপন্ডেট
১২ মে ২০২৬ ১৬:৫৪ | আপডেট: ১২ মে ২০২৬ ১৭:৪৭

সালমান এফ রহমান ও আনিসুল হক – কোলাজ ছবি : সংগৃহীত

ঢাকা: ঢাকার কোতোয়ালি থানায় দায়ের করা বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আবারও পিছিয়েছে। আদালত আগামী ২১ জুন নতুন তারিখ নির্ধারণ করেছেন।

মঙ্গলবার (১২ মে) ঢাকার মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ আসামিপক্ষের সময় আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন।

এদিন মামলার অভিযোগ গঠন শুনানির জন্য দুই আসামিকে আদালতে হাজির করা হয়। তবে তাদের আইনজীবীরা শুনানি পেছানোর আবেদন জানান।

সালমান এফ রহমান-এর আইনজীবী সজিবুল ইসলাম আদালতকে বলেন, মামলার প্রয়োজনীয় নথি ও তথ্য সংগ্রহ করে অব্যাহতির আবেদন প্রস্তুত করার জন্য আরও সময় প্রয়োজন।

বিজ্ঞাপন

অন্যদিকে আনিসুল হক-এর আইনজীবী সুমন হোসেন জানান, সিনিয়র আইনজীবী অসুস্থ থাকায় এদিন শুনানিতে অংশ নেওয়া সম্ভব হয়নি।

মামলার তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১৩ আগস্ট বাংলাদেশ ব্যাংকের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে, নিউমার্কেট থানার একটি হত্যা মামলার আসামিরা সদরঘাট এলাকায় বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ অবস্থান করছেন। পরে অভিযান চালিয়ে পুলিশ সালমান এফ রহমান ও আনিসুল হককে আটক করে।

এসময় আনিসুল হক-এর কাছ থেকে ১৭ হাজার ৫৯২ মার্কিন ডলার ও ৭২৬ সিঙ্গাপুর ডলার জব্দ করা হয়। এছাড়া সালমান এফ রহমান-এর কাছ থেকে বিভিন্ন দেশের বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়।

ঘটনার পর ২০২৪ সালের ১৩ সেপ্টেম্বর নিউমার্কেট থানার এসআই মো. সজীব মিয়া বাদী হয়ে কোতোয়ালি থানায় বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। পরে একই বছরের ৩০ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা এসআই নুরুজ্জামান আদালতে অভিযোগপত্র জমা দেন।

অভিযোগপত্রে বলা হয়, প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই ব্যবসায়িক উদ্দেশ্যে বৈদেশিক মুদ্রা নিজেদের কাছে রাখেন সালমান এফ রহমান ও আনিসুল হক। এছাড়া জব্দ করা অর্থের বৈধ কাগজপত্রও তারা দেখাতে পারেন নি।