Friday 16 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তি ‘গুরুতর আদালত অবমাননা’: শিশির মনির

স্টাফ করেসপন্ডেন্ট
২০ মে ২০২৬ ১৩:০৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে কর্মকর্তাদের সরিয়ে নেওয়ার ঘটনাকে ‘গুরুতর আদালত অবমাননা’ হিসেবে উল্লেখ করেছেন জ্যেষ্ঠ আইনজীবী মুহাম্মদ শিশির মনির। তিনি জানিয়েছেন, এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করা হবে।

বুধবার (২০ মে) সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

শিশির মনির বলেন, সর্বোচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী সুপ্রিম কোর্ট সচিবালয় গঠন করা হয়েছিল এবং বিষয়টি এখনও বিচারাধীন রয়েছে। এমন পরিস্থিতিতে সচিবালয় বিলুপ্ত করার সিদ্ধান্ত আদালতের প্রতি অসম্মান প্রদর্শনের শামিল।

তিনি জানান, এ বিষয়ে বৃহস্পতিবার (২১ মে) আদালতে আবেদন দাখিল করবেন তারা।

বিজ্ঞাপন

এর আগে, মঙ্গলবার (১৯ মে) সরকার সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে সেখানে কর্মরত সিনিয়র সচিবসহ ১৫ কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করে। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরবর্তী পদায়ন না হওয়া পর্যন্ত আইন ও বিচার বিভাগে সংযুক্ত রাখা হবে। সেখানে কর্মকর্তাদের নাম, সচিবালয়ে তাদের পূর্ববর্তী পদ এবং নতুন সংযুক্তির তথ্যও উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৫ সালের ১১ ডিসেম্বর তৎকালীন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ সুপ্রিম কোর্টের প্রশাসনিক ভবন-৪ এ আনুষ্ঠানিকভাবে সুপ্রিম কোর্ট সচিবালয়ের উদ্বোধন করেন। অনুষ্ঠানে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল উপস্থিত ছিলেন।

সারাবাংলা/টিএম/ইআ