Wednesday 14 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গুলগুলি পিঠা’য় মিম-শুভর ঈদ ধামাকা

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২৬ মে ২০২৬ ১৭:২৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আসন্ন ঈদের সিনেমার মিছিলে বড়সড় ধামাকা নিয়ে হাজির হতে যাচ্ছে আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম অভিনীত অ্যাকশন ঘরানার সিনেমা ‘মালিক’। সদ্য প্রকাশ পাওয়া ছবিটির ট্রেলার ইতিমধ্যে দর্শকদের মাঝে বেশ সাড়া ফেলেছে। সেই রেশ কাটতে না কাটতেই এবার মুক্তি পেল সিনেমাটির প্রথম আইটেম সং ‘গুলগুলি পিঠা’। গানটি প্রকাশ পাওয়ার পর থেকেই ঈদের উৎসবের আমেজ যেন আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।

সোমবার (২৫ মে) রাতে অভিনেতা আরিফিন শুভ সামাজিক যোগাযোগমাধ্যমে এই মিউজিক ভিডিওটি প্রকাশ করেন। এটি শেয়ার হওয়ার পরপরই নেট দুনিয়ায় তুমুল আলোড়ন তৈরি হয়। পুরো গানে মূল আকর্ষণ হিসেবে ধরা দিয়েছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। ঝলমলে খয়েরি রঙের জমকালো ট্র্যাডিশনাল ফিউশন পোশাকে শুরুতেই তার অনন্য অবতার ও আবেদনময়ী এক্সপ্রেশন দর্শকদের নজর কেড়েছে। এরপরই রাফ-টাফ লুকে আরিফিন শুভর এন্ট্রি গানে যোগ করেছে আলাদা মাত্রা। মিম ও শুভর এই পারফরম্যান্স দেখে অনেক দর্শক মন্তব্য করেছেন, তারা যেন তামিল ইন্ডাস্ট্রির কোনো দারুণ কনটেন্ট দেখছেন।

বিজ্ঞাপন

চমকপ্রদ ও পাওয়ারফুল এই আইটেম গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় পপ শিল্পী মিলা এবং সংগীতশিল্পী প্রতীক হাসান। লুৎফর হাসানের কথায় গানটির চমৎকার বাদ্যের ঝংকার ও মিউজিক কম্পোজিশন করেছেন আদিত রহমান। গানটির লিরিক বা কথা নিয়েও শ্রোতাদের মাঝে বেশ প্রশংসা দেখা যাচ্ছে। বাদ্যের এই দারুণ ঝংকারে শ্রোতাদের বড় একটি অংশ মন্তব্য করেছেন, আইটেম সংটি শুনে এখন থেকেই সত্যিকারের ঈদের আমেজ পাওয়া যাচ্ছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে গানটি শেয়ার করে আরিফিন শুভ বেশ রসিকতা করেই একটি ক্যাপশন লিখেছেন। তিনি লিখেছেন, ‘ঈদের গোস্ত তো খাইবেনই… আগে ‘গুলগুলি পিঠা’ ট্রাই করেন। ‘মালিক’ আইতাছে ঈদে।’ দীর্ঘদিন পর পর্দায় এত দুর্দান্ত কোনো আইটেম ড্যান্সে দেখা গেল বিদ্যা সিনহা মিমকে। অন্যদিকে অনেকদিন পর ‘মালিক’ সিনেমার মাধ্যমে এই জনপ্রিয় নায়িকার সঙ্গে শুভর অনস্ক্রিন রসায়ন দেখতেও মুখিয়ে আছেন সিনেমাপ্রেমীরা।

সাইফ চন্দন পরিচালিত ‘মালিক’ সিনেমায় মূলত এক জেদি মানুষের গল্প তুলে ধরা হয়েছে। যে নিজের অধিকার আদায়ের লড়াইয়ে নেমে ধীরে ধীরে অপরাধ জগতের একচ্ছত্র ক্ষমতাধর ব্যক্তি হয়ে ওঠে। সিনেমার ট্রেলারের সাফল্যের পর এবার প্রথম গান ‘গুলগুলি পিঠা’ দিয়ে ঈদের বাজারে ‘মালিক’ যে বেশ শক্ত অবস্থান গড়তে যাচ্ছে, সেই আভাস এখন স্পষ্ট।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর