Monday 12 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডিএসইতে পুনর্বহাল চেয়ে অর্থ মন্ত্রণালয়ে চাকরিচ্যুত কর্মকর্তার আবেদন

সিনিয়র করেসপন্ডেন্ট
৫ জুলাই ২০২৬ ২১:১৪

ঢাকা স্টক এক্সচেঞ্জ। ছবি: প্রতীকী

ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে সদ্য চাকরিচ্যুত হওয়া একজন সাবেক কর্মকর্তা, তাকে চাকরিচ্যুত করার বৈধতা নিয়ে প্রশ্ন তুলে অর্থ মন্ত্রণালয়ের হস্তক্ষেপ চেয়েছেন। তার অভিযোগ, কোনো ধরনের পূর্ব নোটিশ বা আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিষয়টির নিরপেক্ষ তদন্ত করে তাকে আগের পদে পুনর্বহালের আবেদন জানিয়েছেন তিনি।

রোববার (৫ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে এ-সংক্রান্ত আবেদন করেন ডিএসই’র সাবেক ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আব্দুল লতিফ।

আবেদনে তিনি বলেন, প্রায় ২০ বছর ধরে ডিএসই-তে দায়িত্ব পালন করেছেন। চাকরিকালে তার কর্মদক্ষতা ও আচরণ নিয়ে কোনো অভিযোগ ছিল না। কিন্তু গত ২৫ জুন তাকে জানানো হয়, তার পদের আর প্রয়োজন নেই। এ কারণ দেখিয়ে কোনো পূর্ব নোটিশ বা আত্মপক্ষ সমর্থনের সুযোগ ছাড়াই চাকরিচ্যুতির সিদ্ধান্ত কার্যকর করা হয়।

বিজ্ঞাপন

মো. আব্দুল লতিফের দাবি, এ সিদ্ধান্ত শ্রম আইন, চাকরির বিধিমালা এবং প্রাকৃতিক ন্যায়বিচারের নীতির পরিপন্থি।

তিনি বলেন, একটি তালিকাভুক্ত পাবলিক লিমিটেড কোম্পানি এবং দেশের প্রধান পুঁজিবাজার প্রতিষ্ঠানের কাছ থেকে এমন সিদ্ধান্ত প্রত্যাশিত নয়।

আবেদনে তিনি আরও উল্লেখ করেন, চাকরি হারানোর ফলে তিনি ও তার পরিবার আর্থিক ও মানসিক সংকটে পড়েছেন। একই সঙ্গে দীর্ঘদিনের পেশাগত ও সামাজিক সুনামও ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ অবস্থায় তিনি অর্থ মন্ত্রণালয়ের কাছে ডিএসই’র সিদ্ধান্তের নিরপেক্ষ তদন্ত, চাকরিচ্যুতির আদেশ বাতিল এবং চাকরির ধারাবাহিকতা বজায় রেখে তাকে ডেপুটি জেনারেল ম্যানেজার পদে পুনর্বহালের ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন।

সারাবাংলা/একে/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর