যশোর: যশোরের অভয়নগরে বাহারুল মল্লিক (৪৫) নামে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার শুভরাড়া ইউনিয়নের রানাগাতী এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
নিহত বাহারুল রানাগাতী গ্রামের হাকিম মল্লিকের ছেলে।
অভয়নগর থানার পরিদর্শক (তদন্ত) শেখ লুৎফর রহমান বলেন, ‘বাহারুল মল্লিকের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা থানায় খবর দিলে অভয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। তার গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।’
তিনি আরও বলেন, ‘হত্যাকাণ্ডের কারণ প্রাথমিকভাবে জানা যায়নি। নিহতের পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলে ঘটনার সম্ভাব্য কারণ জানার চেষ্টা করছে পুলিশ। পাশাপাশি হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।’