Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে বইমুখী হতে হবে: খাদ্যমন্ত্রী

ঢাবি করেসপন্ডেন্ট
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৪১

ঢাবি: জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে বইমুখী হওয়ার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি।

সোমবার (৭ সেপ্টেম্বর) বাংলা একাডেমি প্রাঙ্গণে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত জিয়া স্মৃতি বইমেলা-২০২৬-এর পঞ্চম দিনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

খাদ্যমন্ত্রী বলেন, বই শুধু জ্ঞান দেয় না, চিন্তার শক্তি দেয়, ইতিহাসকে ধারণ করতে শেখায় এবং ভবিষ্যতের পথ দেখায়। ইতিহাস না জানলে বর্তমানকে বোঝা যায় না, আর বর্তমান না বুঝলে ভবিষ্যতের পথ তৈরি করা যায় না। তাই সবাইকে পড়তে, জানতে ও ভাবতে হবে।

শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করে আফরোজা খানম বলেন, তার রাজনীতি, রাষ্ট্রচিন্তা ও দেশ গঠনের ভাবনা জানতে হলে তাঁর লেখা বই পড়তে হবে। ‘একটি জাতির জন্ম’ ও ‘আমার রাজনীতির রূপরেখা’সহ বিভিন্ন গ্রন্থ একটি বিশেষ সময়, তার জীবন ও চিন্তা এবং বাংলাদেশের ইতিহাস বুঝতে সহায়তা করে।

বিজ্ঞাপন

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার জীবন ও সংগ্রাম বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় উল্লেখ করে তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়ার জীবন ও সংগ্রাম’ বইটি তাঁর দীর্ঘ রাজনৈতিক পথচলা সম্পর্কে জানার সুযোগ তৈরি করে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি জ্ঞানভিত্তিক, দক্ষ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। বিএনপির নির্বাচনী ইশতেহারে শিক্ষা, জ্ঞান, দক্ষতা, প্রযুক্তি ও মূল্যবোধসম্পন্ন নতুন প্রজন্ম গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

নিজের বাবার লেখা বইয়ের প্রসঙ্গ তুলে ধরে আবেগাপ্লুত হয়ে আফরোজা খানম বলেন, আমার বাবার এই বইটি যখন আমি পড়ি, তখন মনে হয় বাবা আমার পাশে আছেন।

অনুষ্ঠানে বাবার লেখা বই থেকে একটি অংশ পাঠ করে তিনি মেজর জিয়ার রাষ্ট্রক্ষমতায় আসা, তার সাধারণ জীবনযাপন, সততা ও দেশপ্রেমের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশের ক্রান্তিকালে একটি পরিবারের তিনজন মানুষ ভিন্ন তিন সময়ে দেশের মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন এবং দেশকে বিপর্যয় থেকে রক্ষা করেছেন।
পরে আয়োজকদের ধন্যবাদ জানিয়ে জিয়া স্মৃতি পাঠাগারের জন্য ১০০টি বই উপহার দেন খাদ্যমন্ত্রী।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ড. মাহাদী আমীন। তিনি দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং জ্ঞানার্জন ও মননশীলতা বিকাশে বই পড়ার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস এমপি, মাহামুদা হাবিবা এমপি, অধ্যাপক ড. হারুন আল রশিদ ও সাঈদ মাহমুদ জুয়েল।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর