ঢাকা: নৌপথে দুর্ঘটনা রোধ ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এক ইঞ্জিন বিশিষ্ট লঞ্চ চলাচলে নিরুৎসাহিত করছে সরকার।
সোমবার ( ৭ সেপ্টেম্বর ) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সংসদ অধিবেশনে সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর এক প্রশ্নের লিখিত জবাবে নৌ-পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম এই তথ্য জানান।
তিনি বলেন, এক ইঞ্জিনের পরিবর্তে নৌযান মালিকদের দুই ইঞ্জিন বিশিষ্ট লঞ্চ পরিচালনার নির্দেশনা দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নৌ মন্ত্রণালয় থেকে জারিকৃত ‘স্থায়ী আদেশ’ অনুযায়ী সময়োপযোগী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। ব্যক্তি পর্যায়ে উদ্যোক্তাদের মাধ্যমে যাত্রীবাহী লঞ্চ বহরে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত বড় আকারের নৌযান যুক্ত হওয়ায় নৌ দুর্ঘটনা অনেকাংশে কমে এসেছে।
তিনি আরও বলেন, নির্দিষ্ট সময়ের আগে গন্তব্যের উদ্দেশ্যে রওয়ানা নিশ্চিত করতে রুট ডিক্লারেশন প্রদান ও মেগাফোনের মাধ্যমে জনসচেতনতা বাড়ানো হচ্ছে। তিনি বলেন, নদী বন্দরগুলোতে নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা ও বিআইডব্লিউটিএ’র মাধ্যমে আনরেজিস্টার্ড নৌযান বন্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। অতিরিক্ত যাত্রী বোঝাই রোধে তাৎক্ষণিকভাবে যাত্রা স্থগিতের কার্যকর সিদ্ধান্ত বহাল রয়েছে।