চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর তিন পুলের মাথা এলাকায় গোলাম রসুল মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে কোতোয়ালি থানার তিন পুলের মাথা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে নন্দনকানন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেন, মার্কেটের ভেতরে কার্টুন ও প্লাস্টিকজাতীয় সামগ্রী বেশি থাকায় ধোঁয়ার পরিমাণ বেশি হচ্ছে, যার কারণে আগুন নেভাতে কিছুটা বেগ পেতে হয়েছে। তবে পাশের দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়েনি।
নন্দনকানন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মাসুদ রানা বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এদিকে আগুন লাগার পর মার্কেটের ভেতরে কয়েকজন মানুষ আটকে পড়ার আশঙ্কায় অনেকে সিঁড়ি দিয়ে ছাদে গিয়ে অবস্থান নেন। বৈদ্যুতিক শর্টসার্কিট নাকি সিগারেটের আগুন থেকে সূত্রপাত, তা নিশ্চিত হওয়া যায়নি। ফায়ার সার্ভিসজানিয়েছে, আগুন লাগার কারণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।