Friday 23 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৪ সংসদীয় স্থায়ী কমিটি গঠন

সিনিয়র করেসপন্ডেন্ট
৭ সেপ্টেম্বর ২০২৬ ২০:০৮ | আপডেট: ৭ সেপ্টেম্বর ২০২৬ ২১:৩৬

ঢাকা: বাংলাদেশ সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি-বিধির সংশ্লিষ্ট বিধান অনুসরণ করে ত্রয়োদশ জাতীয় সংসদের চারটি গুরুত্বপূর্ণ স্থায়ী ও সংসদীয় কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) সংসদ নেতার অনুমতিক্রমে তার পক্ষে চিফ হুইপ নূরুল ইসলাম মনি কমিটিগুলোর প্রস্তাব উত্থাপন করেন এবং স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম পিটিশন কমিটি মনোনয়ন দেন।

জাতীয় সংসদের কার্যপ্রণালি-বিধির ২৬৪ বিধি অনুযায়ী গঠিত ১২ সদস্যের কার্যপ্রণালি-বিধি সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। এই কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল, সালাহউদ্দিন আহমদ, নূরুল ইসলাম মনি, মো. আসাদুজ্জামান, এ. এম. মাহবুব উদ্দিন, মুহাম্মদ নওশাদ জমির, সাকিলা ফারজানা, সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, শাহজাহান চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান এবং আখতার হোসেন।

বিজ্ঞাপন

একইভাবে কার্যপ্রণালি-বিধির ২৪৫ বিধি অনুযায়ী গঠন করা ৮ সদস্য বিশিষ্ট ‘সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটি’। নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এ. এম. মাহবুব উদ্দিনকে সভাপতি করে গঠিত এই কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন গোলাম মোহাম্মদ সিরাজ, মো. জাহিদুর রহমান, শাহ মো. ওয়ারেশ আলী মামুন, মো. মোস্তাফিজুর রহমান, মো. মাহবুবুল আলম, নূরুন্নিসা সিদ্দীকা এবং জি এম নজরুল ইসলাম।

অন্যদিকে ১০ সদস্যের ‘গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’ এবং নাগরিকদের পিটিশন পর্যালোচনার জন্য ১০ সদস্যের ‘পিটিশন কমিটি’ গঠন সম্পন্ন করা হয়েছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে বগুড়া-৬ আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন, যেখানে সদস্য হিসেবে রয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রী, আহম্মদ সোহেল মনজুর, মো. লুৎফুজ্জামান বাবর, মো. মোশারফ হোসেন, শেখ মজিবুর রহমান ইকবাল, এম মঞ্জুরুল করিম রনি, ফেরদৌসী আহমেদ, মো. রুহুল আমিন ও মো. তাজউদ্দীন খান।

১০ সদস্যের পিটিশন কমিটিতেও সভাপতি মনোনীত হয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, যেখানে সদস্য পদে রয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল, নূরুল ইসলাম মনি, এ. বি. এম আশরাফ উদ্দিন (নিজান), রকিবুল ইসলাম, এম, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মো. জি কে গউছ, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, নাহিদ ইসলাম এবং মো. রফিকুল ইসলাম খান।

 

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর