ঢাকা: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ইয়াফেস ওসমানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, স্বজনপ্রীতি ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে নতুন দলনেতা নিয়োগ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কমিশনের উপপরিচালক রাশেদুল ইসলামকে এই অনুসন্ধান টিমের নতুন প্রধান করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।
পূর্ববর্তী অনুসন্ধান টিমের দলনেতা উপপরিচালক মোহাম্মদ সিরাজুল হক অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ায় তদন্ত টিমটি পুনর্গঠন করা হয়। নির্দেশনায় পুনর্গঠিত টিমকে ‘দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪’ এবং ‘দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭’ অনুসরণ করে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
সাবেক মন্ত্রী ইয়াফেস ওসমানের বিরুদ্ধে নিজ ক্ষমতার অপব্যবহার করে ছেলে ইশরার ওসমান-এর মালিকানাধীন প্রতিষ্ঠানকে নিয়মবহির্ভূতভাবে ঠিকাদারি কাজ দেওয়ার অভিযোগ রয়েছে। এছাড়া ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি (এনআইবি)-এর মহাপরিচালক পদে মো. সলিমুল্লাহ-কে বেআইনিভাবে নিয়োগ দেওয়া, এনআইবির দুজন কর্মকর্তা ছুটিতে থাকা সত্ত্বেও নিয়ম ভেঙে তাদের দুটি বড় প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) হিসেবে দায়িত্ব প্রদান করা এবং নিয়োগ বাণিজ্যের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের মতো সুনির্দিষ্ট অভিযোগের অনুসন্ধান চলছে।
কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, পূর্ববর্তী দলের সদস্য সহকারী পরিচালক মো. রাকিবুল হায়াত ও উপসহকারী পরিচালক আফিয়া খাতুন-কে স্বপদে বহাল রেখে নতুন দলনেতা উপপরিচালক রাশেদুল ইসলামের অধীনে এই তদন্ত কার্যক্রম ত্বরান্বিত করার নির্দেশ দেওয়া হয়েছে।