Saturday 24 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নারী উদ্যোক্তাকে মারধর, জড়িতদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ সেপ্টেম্বর ২০২৬ ২০:৫৩

সংবাদ সম্মেলনে জাকিয়া সুলতানা ও তার প্রতিষ্ঠানের কর্মচারীরা

রাজবাড়ী: জেলায় নারী উদ্যোক্তা ও ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জয়িতা জাকিয়া সুলতানাকে মারধরের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং তার বন্ধ ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানানো হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের আম্রকানন চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে জাকিয়া সুলতানা এসব দাবি জানান।

জাকিয়া সুলতানা ‘আস্থা পোশাক শিল্প গার্মেন্টস’-এর উদ্যোক্তা এবং রাজবাড়ী উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আহ্বায়ক।

সংবাদ সম্মেলনে জাকিয়া সুলতানা বলেন, ‘তার প্রতিষ্ঠানের সাবেক কর্মচারী শাহনাজ পারভীন বৃষ্টি সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করেন। এসব অভিযোগের বিষয়ে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি তদন্ত করেছেন।’ তদন্ত প্রতিবেদনে তার বিরুদ্ধে আনা অভিযোগের কোনো সত্যতা বা প্রমাণ পাওয়া যায়নি বলে দাবি করেন জাকিয়া।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘প্রশাসনের তদন্তে সত্য উদ্ভাসিত হওয়ার পরও আজ পর্যন্ত কেন আমার দোকান বন্ধ রাখা হয়েছে? আমার কর্মচারীদের রুজি-রোজগার বন্ধ। আমার তৈরি পোশাকসামগ্রী দোকানে আটকে থেকে নষ্ট হচ্ছে।’

একজন নারী উদ্যোক্তাকে সামাজিক ও আর্থিকভাবে পঙ্গু করে দেওয়ার চক্রান্ত চলছে অভিযোগ করে তিনি বলেন, ‘কেন একজন নারী উদ্যোক্তাকে এভাবে সামাজিক ও আর্থিকভাবে পঙ্গু করে দেওয়ার চক্রান্ত চলছে— এই প্রশ্নটি আজ আমি আপনাদের মাধ্যমে রাজবাড়ীবাসীর কাছে রাখতে চাই।‘

জাকিয়া সুলতানা বলেন, ‘তিনি কোনো ধরনের বিশৃঙ্খলা চান না। আইন ও বিচারের প্রতি তার পূর্ণ আস্থা রয়েছে।’

সংবাদ সম্মেলনে তিনি দুটি দাবি তুলে ধরেন। প্রথম দাবিতে তিনি বলেন, ‘সাবেক কর্মচারী শাহনাজ পারভীন বৃষ্টির বিরুদ্ধে ভিত্তিহীন ও বানোয়াট তথ্য ছড়িয়ে তার সম্মান ক্ষুণ্ন এবং প্রকাশ্যে মানহানি করার অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে হবে।’

দ্বিতীয় দাবিতে তিনি বলেন, ‘রাজবাড়ী বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির দায়িত্বশীল ব্যক্তিদের উপস্থিতি ও প্রত্যক্ষ ইন্ধনে কীভাবে একজন জয়িতা পুরস্কারপ্রাপ্ত নারী উদ্যোক্তার গায়ে হাত তোলার মতো ঘটনা ঘটল, তা নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে। যারা শারীরিক নির্যাতন চালিয়েছে বা এ ঘটনায় মদদ দিয়েছে, তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।’

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে নারী উদ্যোক্তা হিসেবে ব্যবসা পরিচালনা করে আসছেন তিনি। সাম্প্রতিক ঘটনায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। একই সঙ্গে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় তিনি ও তার কর্মচারীরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।

জাকিয়া সুলতানা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং তার ব্যবসা প্রতিষ্ঠান স্বাভাবিকভাবে পরিচালনার সুযোগ দেওয়ার জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে জাকিয়া সুলতানার প্রতিষ্ঠানের কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত শনিবার (২৯ আগস্ট) বেলা ১১টার দিকে রাজবাড়ী শহরের বড় বাজারের কাপড় ব্যবসায়ীদের সঙ্গে নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানার বিরোধকে কেন্দ্র করে পুলিশের উপস্থিতিতে তাকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, পুলিশের উপস্থিতিতে ওই নারীকে রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার সময় পেছন থেকে এক যুবক এসে তাকে লাথি মারছেন। পরে আরও কয়েকজন যুবক এগিয়ে এসে তাকে এলোপাতাড়ি মারধর করছেন।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি নিয়ে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য ছড়ায়। কেউ কেউ ওই নারীকে ম্যাজিস্ট্রেট হিসেবে উল্লেখ করেন, আবার কেউ ভোক্তা অধিকার সংস্থার অভিযানে তাকে মারধরের ঘটনা বলে দাবি করেন।

পরে গত ৩১ আগস্ট দিবাগত রাতে সদর থানায় ৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করে মামলা করেন জাকিয়া সুলতানা। মামলা দায়েরের পর পুলিশ তিনজনকে গ্রেফতার করে আদালতে পাঠায়। পরে আদালতে আসামিরা জামিনের আবেদন করলে বিচারক তাদের জামিন মঞ্জুর করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর