ঢাকা: ঢাকার মেট্রোরেলের স্টেশন ও চলন্ত ট্রেনে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক এবং কলসেবা নিশ্চিতের দাবি জানিয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালকের কাছে একটি লিগ্যাল ডিমান্ড নোটিশ পাঠানো হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিইউবিটি লইয়ার্স অ্যাসোসিয়েশনের (বিইউএলএ) সাধারণ সম্পাদক আইনজীবী এইচ এম রাশিদুল ইসলাম জনস্বার্থে এ নোটিশ পাঠান।
নোটিশে দেশের তিন শীর্ষ মোবাইল অপারেটর— গ্রামীণফোন, বাংলালিংক ও রবি আজিয়াটা (এয়ারটেল)কে মেট্রোরেলের স্টেশন ও রেলপথজুড়ে প্রয়োজনীয় টেলিযোগাযোগ অবকাঠামো স্থাপনের অনুমতি এবং প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
এতে বলা হয়, বর্তমানে প্রতিদিন প্রায় চার লাখ যাত্রী মেট্রোরেলে যাতায়াত করেন। কিন্তু স্টেশন ও চলন্ত ট্রেনে দুর্বল মোবাইল নেটওয়ার্কের কারণে অনেক সময় জরুরি ফোনকল করা যায় না, কল বারবার বিচ্ছিন্ন হয়ে যায় এবং ইন্টারনেট ব্যবহারেও বিঘ্ন ঘটে। ফলে প্রতিদিন অসংখ্য যাত্রীকে ভোগান্তিতে পড়তে হচ্ছে।
নোটিশে ডিএমটিসিএলকে ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণ করে তা লিখিতভাবে জানাতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নেওয়া হলে জনস্বার্থে হাইকোর্টে রিট আবেদনসহ প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।