নীলফামারী: জেলার ডিমলা উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়নে তিস্তা নদীতে গোসল করতে নেমে আরমান ইসলাম (২২) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দোহলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ যুবক ওই এলাকার হালিম ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ দুপুরের দিকে কয়েকজনের সঙ্গে আরমান তিস্তা নদীতে গোসল করতে নামেন। গোসল শেষ করে বাকিরা নদী থেকে উঠে এলেও তিনি পানিতে তলিয়ে যান। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন।
এ বিষয়ে ডিমলা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত আছে। রংপুর থেকে ডুবুরি দল আসছে। এখনো উদ্ধার অভিযান চলছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্রোতের সঙ্গে দূরে কোথাও ভেসে যেতে পারেন।