ঢাকা: পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি)-এর ভিত্তিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প বাস্তবায়ন এবং যুক্তরাজ্যের ‘টোটাল এনার্জিস’ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে প্রতি মাসে দুটি করে ১৮টি বা উভয় পক্ষের সম্মতিতে আরও অতিরিক্ত এলএনজি কার্গো আমদানি করবে সরকার।
বুধবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত ‘অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’র বৈঠকে এ দুই বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠক সূত্রে জানা যায়, ‘টোটাল এনার্জিস’ থেকে এলএনজি কার্গোগুলো চলতি পঞ্জিকা বছরের অক্টোবর থেকে আগামী ২০২৭ সালের জুনের মধ্যে আমদানি করা হবে।
এছাড়া বৈঠকে জাতীয় নিরাপত্তার প্রয়োজনে দেশের ইমিগ্রেশন ব্যবস্থাপনায় বিদ্যমান সিস্টেমের সঙ্গে এপিআইএস, পিএনআর, ই-ভিসা, ই-টা ও সভরেন ডাটা এনালিটিকস প্ল্যাটফরম সংযোজনের লক্ষ্যে ভিন্ন ক্রয় প্রণালী অনুসরণের মাধ্যমে সরাসরি চুক্তি সম্পাদনের একটি প্রস্তাব নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।