Sunday 25 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রধান বিচারপতির এজলাস ত্যাগের ঘটনা উদ্বেগের বিষয়: এমপি নাজিবুর

সিনিয়র করেসপন্ডেন্ট
৯ সেপ্টেম্বর ২০২৬ ২২:১২ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৬ ০০:০০

পাবনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন

ঢাকা: প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের পাঁচ বিচারপতির এজলাস ত্যাগের ঘটনায় জাতীয় সংসদে উদ্বেগ প্রকাশ করেছেন পাবনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।

এ ধরনের ঘটনায় বিচার বিভাগের স্বাধীনতা ও জনগণের ন্যায়বিচার পাওয়ার শেষ আশ্রয়স্থল নিয়ে জনমনে কী বার্তা যাচ্ছে, তা খতিয়ে দেখার আহ্বান জানান তিনি।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ আহ্বান জানান।

অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

সংসদে ঘটনার বিবরণ দিয়ে আদালতের প্রত্যক্ষদর্শী সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন বলেন, ‘ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন কেবল দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবী নন, তিনি একই সাথে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচিত সভাপতি, জাতীয় সংসদের সম্মানিত সদস্য এবং দেশের ক্ষমতাসীন দলের একজন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি। এ রকম দায়িত্বশীল অবস্থান থেকে বিচারকদের সঙ্গে বাদানুবাদের জেরে প্রধান বিচারপতিসহ অন্যান্য বিচারপতিদের এজলাস ছেড়ে চলে যাওয়ার ঘটনা সমগ্র দেশের বিচার বিভাগের স্বাধীনতা ও ভাবমূর্তির প্রশ্নে মারাত্মক উদ্বেগের জন্ম দিয়েছে।’

বিজ্ঞাপন

তিনি গুরুত্বারোপ করে বলেন, ‘সুপ্রিম কোর্টের আপিল বিভাগ হলো এ দেশের বিচারপ্রার্থী সাধারণ মানুষের ন্যায়বিচার নিশ্চিত করার সর্বশেষ সাংবিধানিক আশ্রয়স্থল, ফলে সেখান থেকে এ জাতীয় অনভিপ্রেত বার্তা জনগণের কাছে পৌঁছালে বিচার ব্যবস্থার প্রতি মানুষের চরম অনাস্থা তৈরি হতে পারে।’

দেশের অতীত ইতিহাস ও রাজপথের করুণ চিত্র স্মরণ করিয়ে দিয়ে জামায়াতের এই সংসদ সদস্য বলেন, ‘ইতঃপূর্বে ফ্যাসিবাদী শাসনের চরম দিনগুলোতে দেশের প্রধান বিচারপতিকে রাজপথে ও অস্ত্রের মুখে জিম্মি করে পদত্যাগে বাধ্য করার মতো নজিরবিহীন দুঃখজনক ঘটনা এ দেশের মানুষ প্রত্যক্ষ করেছে। অতীতের সেই তিক্ত অভিজ্ঞতার বিচারে বর্তমান গণতান্ত্রিক পরিবেশে প্রধান বিচারপতির সাথে ক্ষমতাসীন দলের নেতার এমন আচরণ নতুন কোনো অশনি সংকেত বা আশঙ্কার বার্তা বহন করছে কি না, তা কালবিলম্ব না করে নিরপেক্ষভাবে খতিয়ে দেখা দরকার।’

রাষ্ট্রীয় ক্ষমতার মূল মালিকানা ও তিনটি অঙ্গের ভারসাম্য প্রসঙ্গে ব্যারিস্টার নাজিবুর রহমান বলেন, ‘রাষ্ট্রের প্রধান তিনটি মৌলিক বিভাগ আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগের কোনোটিরই এককভাবে সার্বভৌম বা নিরঙ্কুশ ক্ষমতার মালিক হওয়ার সুযোগ নেই, কেননা সংবিধান অনুযায়ী দেশের সমস্ত সার্বভৌম ক্ষমতার একক মালিক হলো সাধারণ জনগণ। তাই জনগণের প্রদত্ত ক্ষমতার সুনির্দিষ্ট ও বিনম্র ব্যবহার করা সকল বিভাগেরই নৈতিক দায়িত্ব।’

তিনি স্পষ্ট করে বলেন, ‘রাষ্ট্রীয় এক অঙ্গের ক্ষমতার দাপট দেখিয়ে অন্য কোনো স্বাধীন অঙ্গের ওপর প্রভাব বিস্তার বা অন্যায্য চাপ সৃষ্টির যেকোনো অপচেষ্টা থেকে সংশ্লিষ্ট সবাইকে কঠোরভাবে বিরত থাকতে হবে।’ একই সাথে বিচার বিভাগের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে এবং সাধারণ জনমনে সৃষ্ট চরম আতঙ্ক ও বিভ্রান্তি দূর করে আস্থা ফিরিয়ে আনতে বিষয়টি নিয়ে সংসদে আইনমন্ত্রীর অবিলম্বে আনুষ্ঠানিক ব্যাখ্যা ও স্পষ্ট বক্তব্য দেওয়ার দাবি জানান তিনি।

বিজ্ঞাপন

কোজাগরী লক্ষ্মীপূজা আজ
২৫ অক্টোবর ২০২৬ ১১:৫২

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
২৫ অক্টোবর ২০২৬ ১০:৪৬

আরো

সম্পর্কিত খবর