Sunday 25 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘প্রধান বিচারপতির এজলাসে আইনজীবীর এমন আচরণ অনুচিত-অনাকাঙ্ক্ষিত’

সিনিয়র করেসপন্ডেন্ট
৯ সেপ্টেম্বর ২০২৬ ২৩:৩৫

জাতীয় সংসদে বক্তব্য দিচ্ছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি: সংগৃহীত

ঢাকা: জাতীয় সংসদে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের প্রদর্শন করা আচরণ অনুচিত ও অনাকাঙ্ক্ষিত ছিল।

বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে সংসদ সদস্য নজিবুর রহমান মোমেনের উত্থাপিত বক্তব্যের জবাবে তিনি এই উদ্বেগ প্রকাশ করেন।

আইনমন্ত্রী বলেন, ‘একজন দায়িত্বশীল আইনজীবী হিসেবে এজলাসে এ ধরনের আচরণ মোটেও বাঞ্ছনীয় ছিল না। তবে বিচার বিভাগ, শাসন বিভাগ কিংবা আইন বিভাগ রাষ্ট্রের এই তিন প্রধান অঙ্গের কোনোটির সঙ্গেই আইনজীবীদের এই সংগঠনের সরাসরি প্রাতিষ্ঠানিক সম্পৃক্ততা নেই।’

বিজ্ঞাপন

আসাদুজ্জামান বলেন, ‘সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনার প্রধান তিনটি অঙ্গের মধ্যে আইনজীবী বা বার অ্যাসোসিয়েশন সরাসরি পড়ে না, তারা মূলত জনগণেরই অংশ। অতীতেও সুপ্রিম কোর্টে প্রবীণ ও জ্যেষ্ঠ আইনজীবীদের মধ্যে তীব্র বাদানুবাদ দেখা গেছে, যা পরবর্তী সময়ে এজলাসের বাইরে চা পানের টেবিলে সাধারণ সম্পর্কে রূপ নিয়েছে।’

প্রধান বিচারপতি পরদিন স্বাভাবিকভাবে বিচারকাজ পরিচালনা করায় এবং সংশ্লিষ্ট আইনজীবী সেখানে উপস্থিত হয়ে মামলা পরিচালনা করায় পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে জানান আইনমন্ত্রী। তিনি সংবিধানে উল্লিখিত ২১ নম্বর অনুচ্ছেদের আলোকে সকল নাগরিককে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

সারাবাংলা/এফএন/পিটিএম