Monday 26 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদে ডিনস অ্যাওয়ার্ড পাচ্ছেন ৪৮ শিক্ষার্থী

ঢাবি করেসপন্ডেন্ট
১০ সেপ্টেম্বর ২০২৬ ১৪:০০ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৬ ১৬:০১

ঢাবি: শিক্ষার্থীদের অ্যাকাডেমিক উৎকর্ষতার স্বীকৃতি ও সামাজিক বিজ্ঞান অনুষদের মেধাবী শিক্ষার্থীদের সম্মান জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ডিনস অ্যাওয়ার্ড-২০২৬’। এবারের আয়োজনে সামাজিক বিজ্ঞান অনুসদের ১৬ টি বিভাগের ২০২১, ২০২২ ও ২০২৩ সেশনের মোট ৪৮ শিক্ষার্থীকে এ পুরস্কার প্রদান করা হবে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস, সহযোগী অধ্যাপক শাওন্তী হায়দার, সহযোগী অধ্যাপক ড.খোরশেদ আলম।

বিজ্ঞাপন

তারা জানান, আগামী ১৪ সেপ্টেম্বর ২০২৬, সকাল সাড়ে ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে ডিনস অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ্-আল-মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম।

৫ বছরের বিরতির পর ডিনস অ্যাওয়ার্ড

সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের অ্যাকাডেমিক উৎকর্ষতার স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে ২০০৬ সালে ডিনস অ্যাওয়ার্ড চালু করা হয়। সামাজিক বিজ্ঞান অনুষদের অধীন ১৬টি বিভাগের শিক্ষার্থীরা এ পুরস্কারের আওতায় রয়েছেন। এটি অনুষদের অন্যতম প্রতিযোগিতামূলক একাডেমিক স্বীকৃতি হিসেবে বিবেচিত হয়। ৫ বছরের বিরতির পর এবার ২০২১, ২০২২ ও ২০২৩ সেশনের শিক্ষার্থীদের ডিনস অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। এবারের ৪৮ জন পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীর মধ্যে ১৭ জন ছাত্র এবং ৩১ জন ছাত্রী।

গবেষণা ও প্রকাশনার জন্য শিক্ষকদেরও পুরস্কার

শুধু শিক্ষার্থীদের নয়, এবারের আয়োজনে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত বিভাগগুলোর শিক্ষকদের গবেষণা ও প্রকাশনাকেও স্বীকৃতি দেওয়া হবে। ২০২১, ২০২২ ও ২০২৩ সালে শিক্ষকদের প্রকাশিত নিবন্ধ ও বইয়ের মধ্য থেকে বিচারকদের মনোনীত সেরা নিবন্ধ ও বই যাচাই-বাছাই করে পুরস্কার প্রদান করা হবে।

ডিনস অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান শেষে পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে একটি উন্মুক্ত সংলাপের আয়োজন করা হবে। সিনেট ভবন মিলনায়তনের মূল অনুষ্ঠান শেষে সামাজিক বিজ্ঞান অনুষদের মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এ সংলাপ অনুষ্ঠিত হবে।

যেভাবে নির্ধারণ করা হয় পুরস্কারের যোগ্যতা

ডিনস অ্যাওয়ার্ডের জন্য শিক্ষার্থীদের নিজ নিজ বিভাগের চেয়ারপারসনের মাধ্যমে আবেদন করতে হয়। এ ক্ষেত্রে বিএসএস (সম্মান) চূড়ান্ত পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশের পর যোগ্য শিক্ষার্থীরা মার্কশিট বা একাডেমিক ট্রান্সক্রিপ্টের সত্যায়িত কপি জমা দিয়ে আবেদন করেন।

যোগ্যতার ক্ষেত্রে বিএসএস (সম্মান) চূড়ান্ত পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জনকারী অথবা ৪.০০-এর মধ্যে সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী শিক্ষার্থীদের বিবেচনা করা হয়। তবে সিজিপিএ নির্ধারিত ন্যূনতম সীমার নিচে হলে শিক্ষার্থী পুরস্কারের জন্য বিবেচিত হন না। একই সঙ্গে শিক্ষাজীবনে কোনো বিরতি (ব্রেক অব স্টাডি) থাকা যাবে না এবং গ্রেড বা ফলাফল উন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণের রেকর্ডও থাকা যাবে না। পুরস্কারের ক্ষেত্রে ৪.০০ স্কেলে ন্যূনতম সিজিপিএর শর্ত ২০২০ সাল থেকে ৩.৬৫ বা তার বেশি নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া যেসব বিভাগে বিএসএস (সম্মান) প্রোগ্রাম চালু নেই, সেসব বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে মাস্টার্স চূড়ান্ত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

সামাজিক বিজ্ঞান অনুষদের পক্ষ থেকে আয়োজিত এবারের ডিনস অ্যাওয়ার্ডের মাধ্যমে শিক্ষার্থীদের একাডেমিক সাফল্যের পাশাপাশি শিক্ষকদের গবেষণা ও প্রকাশনার ক্ষেত্রেও উৎকর্ষতাকে স্বীকৃতি দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর