ঢাকা: দেশের উন্নয়ন ও অগ্রগতিকে দীর্ঘমেয়াদে টেকসই করতে রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ বাড়ানোর কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের এলডি হলে বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিডিজেএ) আয়োজিত ‘আগামীর বরিশাল বিভাগ: সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি ।
মন্ত্রী বলেন, ভবিষ্যতে দক্ষ ও যোগ্য রাজনৈতিক নেতৃত্ব তৈরি করা না গেলে বর্তমানে অর্জিত উন্নয়ন ও সাফল্যের সুফল ধরে রাখা কঠিন হবে। তার মতে, গত ১৭ বছরে দেশে নেতৃত্বের ক্ষেত্রে বড় ধরনের শূন্যতা তৈরি হয়েছে। এ সময়ে মেধাবী তরুণদের একটি বড় অংশ রাজনীতি থেকে দূরে সরে গেছে এবং রাজনীতিবিদদের প্রতি সাধারণ মানুষের অনাস্থাও বেড়েছে।
রাজনীতিতে মেধাবীদের অংশগ্রহণ কমে যাওয়ার বিষয়টি তুলে ধরে আন্দালিভ রহমান পার্থ বলেন, রাজনীতিবিদদের সন্তানরাও এখন এ পেশায় আসতে আগ্রহী নন। তিনি উদাহরণ দিয়ে বলেন, রান্নার জন্য ভালো উপকরণ থাকলেও দক্ষ বাবুর্চি না থাকলে যেমন ভালো খাবার তৈরি করা যায় না, তেমনি সৎ ও যোগ্য নেতৃত্ব না থাকলে বড় বড় উন্নয়ন প্রকল্পের সুফলও দীর্ঘস্থায়ী হবে না।
বরিশালের রাজনৈতিক ঐতিহ্যের কথা উল্লেখ করে তিনি বলেন, ঐতিহাসিকভাবে এ অঞ্চলের মানুষ দেশের বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছে। শেরেবাংলা এ কে ফজলুল হকের মতো জাতীয় নেতারা এ মাটি থেকে উঠে এসেছেন। ভবিষ্যতে বরিশালকে আধুনিক ও স্বপ্নের নগরীতে রূপ দিতে নতুন প্রজন্মের মধ্য থেকে মেধাবী ও যোগ্য রাজনীতিবিদ তৈরি করতে হবে। এ জন্য বরিশালসহ দেশের প্রতিটি নির্বাচনি এলাকায় তরুণ-তরুণীদের রাজনীতিতে আসার জন্য ইতিবাচক, উপযুক্ত ও নিরাপদ পরিবেশ তৈরির আহ্বান জানান মন্ত্রী।
তিনি বলেন, অবকাঠামোগত উন্নয়ন, গ্যাস সরবরাহ ও শিল্পায়নের পাশাপাশি এখন দেশের গুণগত উন্নয়ন প্রয়োজন। বর্তমান রাজনৈতিক নেতৃত্বের দায়িত্ব হলো পরবর্তী প্রজন্মের শিক্ষিত ও মেধাবী তরুণদের রাজনীতিতে আসার পথ তৈরি করে দেওয়া।
তরুণদের শুধু চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী বা সফটওয়্যার প্রকৌশলী হওয়ার কিংবা বিদেশে যাওয়ার চিন্তায় সীমাবদ্ধ না থেকে দেশ পরিবর্তনের লক্ষ্যে রাজনীতিতে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।