ঢাকা: আসন্ন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রবাসী ও বিশেষ শ্রেণির ভোটারদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ তৈরি করেছে নির্বাচন কমিশন। আগামী ২৯ অক্টোবরের এই উপনির্বাচনে অংশ নিতে প্রবাসীদের আগামী ১২ থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে ‘Postal Vote BD’ মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করতে হবে।
গণপ্রতিনিধিত্ব আদেশের সর্বশেষ সংশোধন অনুযায়ী প্রবাসীদের পাশাপাশি নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী, আইনি হেফাজতে থাকা বন্দি এবং নির্বাচনের দায়িত্বে থাকা ব্যক্তিরাও পোস্টাল ভোটের আওতায় আসছেন।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছিলেন, তাদের নতুন করে পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে হবে না। প্রবাসীদের ক্ষেত্রে ই-মেইল, হোয়াটসঅ্যাপ বা অ্যাপের নোটিফিকেশনের মাধ্যমে সম্মতি নিয়ে বর্তমান ঠিকানায় ব্যালট পাঠানো হবে। একইভাবে সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রেও এসএমএসের মাধ্যমে সম্মতি নেওয়া হবে। তবে আগে নিবন্ধন না করা প্রবাসী, সরকারি কর্মকর্তা, নির্বাচনি কর্মকর্তা ও কারাবন্দিরা এই অ্যাপের সাহায্যে নতুন করে নিবন্ধনের সুবিধা পাচ্ছেন। কারাবন্দিদের ক্ষেত্রে জেল কর্তৃপক্ষের সহযোগিতায় এই প্রক্রিয়াটি সম্পন্ন হবে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩৩টি দেশ থেকে ৩৮৬ জন প্রবাসী এবং দেশের ভেতর ৪ হাজার ৪৫ জন পোস্টাল ভোটে নিবন্ধিত হয়েছিলেন। এবার এই আসনে মোট ৫ লাখ ১৫ হাজার ৫২৫ জন ভোটার ১৮৫টি কেন্দ্রের ৯৮৯টি কক্ষে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।