ঢাকা: দেশের জ্বালানি খাতে বিনিয়োগ বাড়াতে শেভরনের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশেষ করে বিদ্যমান ও পুরোনো গ্যাসক্ষেত্রে বিনিয়োগের পাশাপাশি নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনের বিনিয়োগের বিষয়ে আলোচনা করেন তিনি।
রোববার (১৩ সেপ্টেম্বর) সচিবালয়ে শেভরন-এর বেস অ্যাসেটস ও উদীয়মান দেশবিষয়ক প্রেসিডেন্ট জাভিয়ার লা রোসা’র নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ বিষয়ে আলোচনা হয়।
সাক্ষাতে বাংলাদেশের জ্বালানি খাতে শেভরনের বিনিয়োগের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দেশে বিদ্যমান গ্যাসক্ষেত্রগুলোর উৎপাদন সক্ষমতা ধরে রাখা ও বাড়ানোর পাশাপাশি পুরোনো গ্যাসক্ষেত্রে নতুন বিনিয়োগ এবং নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানের বিষয়টি গুরুত্ব পায়।
শেভরন-এর পক্ষ থেকে বাংলাদেশের জ্বালানি খাতে তাদের কার্যক্রম ও ভবিষ্যৎ বিনিয়োগ পরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়।
সাক্ষাতকালে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক শু শিয়ংসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।