ঢাকা: রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক প্রধান কার্যালয়ের সামনে মুখোমুখি অবস্থান নিয়েছেন ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম-এর সদস্য এবং ইসলামী ব্যাংকসহ বিভিন্ন ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা।
দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে রোববার (১৩ সেপ্টেম্বর) থেকে ব্যাংকটির প্রধান কার্যালয় এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম-এর সদস্যরা ইসলামী ব্যাংক-কে এস আলম গ্রুপের প্রভাবমুক্ত রাখা, ব্যাংকে সুশাসন নিশ্চিত করা এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষার দাবিতে বিক্ষোভ করেন। কর্মসূচিতে ইসলামী ব্যাংকের বিভিন্ন শাখার ব্যবসায়ী ও গ্রাহকেরাও অংশ নেন। তারা বিভিন্ন স্লোগান দেন এবং ব্যাংকের ব্যবস্থাপনা ও কার্যক্রম নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন।
অন্যদিকে ইসলামী ব্যাংকসহ বিভিন্ন ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা চাকরিতে পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন।
তাদের অভিযোগ, এস আলম গ্রুপের সময়ে নিয়োগ পাওয়া এবং পরবর্তী সময়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা ও সনদ যাচাইয়ের পর অনেক কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে। তাদের দাবি, অন্যায়ভাবে তাদের চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে।
চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের দাবি, প্রায় ৫ হাজার মানুষ দীর্ঘদিন ধরে চাকরিহীন অবস্থায় রয়েছেন। এতে তারা মানবিক সংকটের মধ্যে পড়েছেন। বকেয়া বেতন-ভাতাসহ কোনো শর্ত ছাড়াই তাদের চাকরিতে পুনর্বহাল করতে হবে—এটাই তাদের এক দফা দাবি।
এর আগে ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠা ও আমানতকারীদের স্বার্থ রক্ষার দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। আজকের কর্মসূচিতেও সংগঠনটির সদস্যরা ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা ও কার্যক্রম নিয়ে তাদের বক্তব্য তুলে ধরেন।
দুই পক্ষের কর্মসূচিকে ঘিরে মতিঝিল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় একটি সাঁজোয়া যানও প্রস্তুত রাখা হয়েছে।