ঢাকা: অবৈধভাবে মোবাইল নম্বরের কল ডিটেইল রেকর্ড (সিডিআর), জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধনের তথ্য, এসএমএস কনটেন্ট ও এলসিএল-এলআরএল বিক্রয়কারী চক্রের অমিত পাল (২১) নামের এক সদস্যকে মগবাজার এলাকা থেকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. আকতার হোসেন এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ১০টায় একটি ফেসবুক আইডি থেকে বিভিন্ন গোপন ও সংবেদনশীল ব্যক্তিগত ডেটা অর্থের বিনিময়ে বিক্রয়ের বিজ্ঞাপন প্রচার করা হচ্ছিল। ফেসবুক আইডির ব্যক্তিকে শনাক্ত করে সিটিটিসি-সাইবার ইন্টেলিজেন্স অ্যানালাইসিস টিম। পরবর্তীতে অভিযান পরিচালনা করে মগবাজার এলাকা থেকে অমিত পালকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে অপরাধে ব্যবহৃত স্মার্টফোন এবং হোয়াটসঅ্যাপ চ্যাটে লেনদেন ও ডেটা বিক্রির ৪০ পাতা স্ক্রিনশট আলামত হিসেবে জব্দ করা হয়।
আকতার হোসেন বলেন, গ্রেফতার আসামি দীর্ঘদিন ধরে সাইবার স্পেসে বেআইনিভাবে প্রবেশ করে প্রতারণা ও অবৈধ ই-ট্রানজেকশন চালিয়ে আসছিল। গ্রেফতার আসামির বিরুদ্ধে রমনা থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।