Thursday 29 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ সেপ্টেম্বর ২০২৬ ২৩:৪০

চট্টগ্রাম: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুই নারীর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৮৭ জন ডেঙ্গু রোগী।

রোববার (১৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, চলতি বছরে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ জনে। মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৮৮৩ জনে।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজন হলেন নগরীর কোতোয়ালি এলাকার অর্পিতা (২৬) এবং আগ্রাবাদ হাউজিং সোসাইটির শামসুন নাহার খানম (৫০)।

বিজ্ঞাপন

অর্পিতা গত ১০ সেপ্টেম্বর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হন এবং ১১ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যান। চিকিৎসকরা জানান, এক্সপ্যান্ডেড ডেঙ্গু সিনড্রোম, মাল্টিপল অর্গান ফেইলিউর (এমওএফ), ডিআইসি, সেপসিস ও আইইউডি এর কারণে তার মৃত্যু হয়েছে।

অন্যদিকে, শামসুন নাহার খানম ১১ সেপ্টেম্বর এভারকেয়ার হাসপাতালের জরুরি বিভাগে মারা যান। ভর্তির আগেই তার ডেঙ্গু শনাক্ত হয়েছিল। কার্ডিও-রেসপিরেটরি ফেইলিউর, হাইপোভোলেমিক শক, এআরডিএস ও টাইপ-১ রেসপিরেটরি ফেইলিউরের কারণে তার মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে ৭৭ জন এবং বেসরকারি হাসপাতালে ১০ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ২১০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। এর মধ্যে চমেক হাসপাতালে ১০৫ জন, বিআইটিআইডিতে ৩৫ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ১৭ জন, সিএমএইচে ৪ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ২৪ জন এবং বেসরকারি হাসপাতালে ২৫ জন ভর্তি আছেন।

সারাবাংলা/এসএন/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর