Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রধানমন্ত্রীর আশ্বাসের পর গ্যাসের সরবরাহ বেড়েছে: মাহদী আমিন

সিনিয়র করেসপন্ডেন্ট
১৬ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৩১ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৩৩

ধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।

ঢাকা: প্রধানমন্ত্রীর আশ্বাসের পর গ্যাসের সরবরাহ বেড়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন। শিল্প-কারখানা সচল রেখে দেশের অগ্রগতি নিশ্চিত করতে সরকার গ্যাস সরবরাহ বৃদ্ধির জোরদার পদক্ষেপ গ্রহণ করেছে বলেও জানান তিনি।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের করবী হলে আয়োজিত বিশেষ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন সরকারের এক মাসের উল্লেখযোগ্য সাফল্য তুলে ধরে এ তথ্য প্রকাশ করেন।

তিনি বলেন, শিল্পপতি ও সংবাদমাধ্যমের শীর্ষ প্রতিনিধিদের সাথে বৈঠকের পর সার্বিক পরিস্থিতির দ্রুত ইতিবাচক পরিবর্তন এসেছে। প্রধানমন্ত্রী দ্রুততম সময়ের মধ্যে গ্যাস সংকট কাটিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা এরই মধ্যেই দৃশ্যমান হতে শুরু করেছে। শিল্প খাতের চাকা সচল রাখতে সরবরাহ বৃদ্ধির এই ইতিবাচক ধারা আগামী দিনগুলোতেও অব্যাহত রাখার পরিকল্পনা করা হয়েছে।

বিজ্ঞাপন

মাহ্দী আমিন বলেন, রাষ্ট্রের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের মাধ্যমে মেধাভিত্তিক সমাজ গঠনে নতুন উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারমূল্য সাধারণ মানুষের নাগালে আসার পাশাপাশি দেশে বর্তমান সময়ে মূল্যস্ফীতি ইতিবাচক ধারায় ফিরে এসেছে। সাধারণ শিক্ষার পাশাপাশি নতুন করে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে কারিগরি শিক্ষা অন্তর্ভুক্ত করা এবং সামুদ্রিক সম্পদ বিষয়ক গবেষণার জন্য নতুন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি বলেন, সামাজিক সুরক্ষার স্বার্থে সরকারি কর্মকর্তাদের জন্য পে স্কেলের সুফলসহ উত্তরাধিকারসংক্রান্ত নতুন আইন প্রণয়ন করা হয়েছে। বিরোধী রাজনৈতিক দলগুলোর যেকোনো লংমার্চ বা কর্মসূচিতে রাষ্ট্র পক্ষ থেকে সর্বোচ্চ গণতান্ত্রিক সহায়তা দেওয়া হচ্ছে। রাষ্ট্রীয় গ্যাস সম্পদের ব্যবহারে সবার দায়িত্বশীল আচরণ নিশ্চিতের পাশাপাশি কাওরান বাজারের পাইকারি বাজার স্থানান্তর এবং ইউনিয়ন পর্যায়ে সরকারি প্রাণিসম্পদ সেবক নিয়োগের কাজ দ্রুত এগিয়ে চলেছে।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর