Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মানিকগঞ্জে শ্বশুরবাড়িতে চুরি, রাজশাহী থেকে ঘরজামাই গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৪৮ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬ ১৭:২১

গ্রেফতার হওয়া আসামি।

মানিকগঞ্জ: মানিকগঞ্জের ঘিওরে ব্যবসায়ীর বাড়ি থেকে চুরি হওয়া প্রায় ১৩ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার উদ্ধারের ঘটনায় তার ঘরজামাইকে রাজশাহী থেকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে ঘিওর থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

গ্রেফতার সামিউল (৪০) নওগাঁর নিয়ামতপুর উপজেলার জোনাকী এলাকার মৃত আজিজুল হকের ছেলে। তিনি মামলার বাদী আকবর আলী খানের মেয়ের স্বামী এবং শ্বশুরবাড়িতে ঘরজামাই হিসেবে বসবাস করতেন।

পুলিশ জানায়, গত ৩০ আগস্ট ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের পাটাইকোনা এলাকায় আকবর আলী খানের বাড়িতে চুরি হয়। ওই সময় তিনি ও তার স্ত্রী চিকিৎসার জন্য ঢাকায় ছিলেন। বাড়ি ফিরে তারা দ্বিতীয় তলার একটি কক্ষের দরজা, ট্রাংক ও লকারের তালা ভাঙা দেখতে পান। পরে ওই কক্ষ থেকে স্বর্ণালংকার, চেকবই ও এটিএম কার্ড চুরি হওয়ার বিষয়টি লক্ষ্য করেন।

বিজ্ঞাপন

এ ঘটনায় ৮ সেপ্টেম্বর ঘিওর থানায় মামলা করেন আকবর আলী খান। মামলার তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় সামিউলের অবস্থান শনাক্ত করা হয়। পরে এসআই সুমন চক্রবর্তীর নেতৃত্বে পুলিশের একটি দল রাজশাহীর বোয়ালিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে প্রায় সাড়ে ছয় ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১৩ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মুহব্বত কবীর বলেন, ‘তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে রাজশাহী থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হওয়া স্বর্ণালংকার মামলার আলামত হিসেবে জব্দ করা হয়েছে। আসামির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান।’

বিজ্ঞাপন

জবি'র ২য় সমাবর্তন ৩০ জানুয়ারি
২১ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৩৯

আরো

সম্পর্কিত খবর