বেনাপোল: বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, বেনাপোল বন্দর থেকে বেশি রাজস্ব আদায় হলে দেশের জাতীয় অর্থনীতি আরও সমৃদ্ধ হবে। বর্তমান সরকারের ‘সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে দেশের প্রতিটি বন্দরের সক্ষমতা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে বেনাপোল বন্দর পরিদর্শন শেষে কাস্টমস হাউসে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ভারতের সঙ্গে আমদানি-রফতানি বাণিজ্যে ভারসাম্য আনতে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি দেশের অর্থনৈতিক স্বার্থ নিশ্চিত করতে বন্দরগুলোর সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
মতবিনিময় সভায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিরা নাজমুল মুন্নী উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন কাস্টমস কমিশনার ফাইজুর রহমান।
এ সময় যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান, সভাপতি হাসান জহির, সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য নুরুজ্জামান লিটন, খাইরুজ্জামান মধু, মহসিন কবীর, পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন এবং সহসভাপতি আতিকুজ্জামান সনিসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এর আগে প্রতিমন্ত্রী যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সুশীল সমাজের প্রতিনিধি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেন।
পরে তিনি শার্শার উলাশী জিয়া খালের মুক্তাঞ্চল কর্মসূচি ও বৃক্ষরোপণ কার্যক্রম পরিদর্শন করেন।