নাটোর: নাটোরের সিংড়ায় ঈদগাহ মাঠের জমি মাপজোখ ও দখলকে কেন্দ্র করে পাছলাড়ুয়া ও নতুনবস্তি গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় গ্রামের প্রায় ৩০ জন আহত হয়েছেন।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পাছলাড়ুয়া ঈদগাহ মাঠ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈদগাহ মাঠের জমি মাপজোখ ও দখলকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি ও উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় লাঠি ও হাসুয়া দিয়ে একে-অপরের ওপর হামলা চালায় তারা।
এতে কয়েকজনের মাথা, পা ও শরীরের বিভিন্ন স্থান আঘাতপ্রাপ্ত হয়। আহতদের নাটোর জেনারেল হাসপাতাল ও সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের ভেতরে তিনজনের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এখনো পর্যন্ত কোনো পক্ষের কাছ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’