Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নিউইয়র্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৫৩

প্রধানমন্ত্রী তারেক রহমান।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগদান শেষে দেশের উদ্দেশে নিউইয়র্ক ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাঁচ দিনের যুক্তরাষ্ট্র সফর শেষে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্ক সময় রাত ১১টা ৩৫ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইট জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

এর আগে গত ২১ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী হিসেবে এটি ছিল তার প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণ।

নিউইয়র্ক সফরের শুরু থেকেই জাতিসংঘের বিভিন্ন কর্মসূচিতে ব্যস্ত সময় কাটান প্রধানমন্ত্রী। সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেওয়ার পাশাপাশি জলবায়ু পরিবর্তন ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, রোহিঙ্গা সংকট এবং মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবাবিষয়ক বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠক ও অনুষ্ঠানে অংশ নেন তিনি।

বিজ্ঞাপন

সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও একাধিক দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী। এসব বৈঠকে বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং রোহিঙ্গা সংকটসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।

সফরে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, জাতিসংঘ মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি কুয়েতের ক্রাউন প্রিন্স, পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং সংযুক্ত আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন তিনি।

জাতিসংঘ সাধারণ পরিষদের এবারের অধিবেশনে বাংলাদেশের বক্তব্যে বিশ্বশান্তি, বহুপক্ষীয় সহযোগিতা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং রোহিঙ্গা সংকটসহ বাংলাদেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় তুলে ধরেন প্রধানমন্ত্রী। উন্নয়নশীল দেশগুলোর স্বার্থ সংরক্ষণ এবং আন্তর্জাতিক পর্যায়ে পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নেওয়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে প্রধানমন্ত্রীর প্রথম বড় বহুপক্ষীয় কূটনৈতিক কর্মসূচি সম্পন্ন হলো। সফর শেষে এখন দেশের উদ্দেশে নিউইয়র্ক ছেড়েছেন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা।

সারাবাংলা/এমএমএইচ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর