টিউবলেস টায়ারে চট করে হাওয়া বের হয় না বলে অনেকেই হালকা পাংচারকে তেমন গুরুত্ব দেন না। কিন্তু একটি টায়ার ঠিক কতবার পাংচার হলে তা আর চালানো নিরাপদ নয়-তা জানা প্রতিটি রাইডার ও ড্রাইভারের জন্য অত্যন্ত জরুরি। অটোমোবাইল বিশেষজ্ঞদের মতে, একটি টিউবলেস টায়ারে ৩ থেকে ৪ বার পাংচার হলে বা লিক সারানো হলে, নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত সেটি বদলে ফেলাই বুদ্ধিমানের কাজ।
আসুন জেনে নেই এর পেছনের মূল কারণ ও অন্যান্য গাইডলাইন…
পাংচার মেরামতের সময় যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো মনে রাখবেন
দুই পাংচারের মধ্যবর্তী দূরত্ব: পরপর দুটি পাংচারের মধ্যে অন্তত ১৫০ মিলিমিটার বা প্রায় ৬ ইঞ্চি দূরত্ব থাকা আবশ্যক। পাংচারগুলো কাছাকাছি হলে টায়ারের ভেতরের নাইলন বা স্টিলের স্ট্রাকচারাল কর্ড দুর্বল হয়ে পড়ে।
ছিদ্রের আকার: পাংচারের ছিদ্র যদি ৬ মিলিমিটারের বেশি বড় হয়, তবে প্লাগ দিয়ে না সারিয়ে নতুন টায়ার লাগানোই শ্রেয়।
সাইডওয়ালে পাংচার হলে কোনো ছাড় নয়: টায়ারের সাইডওয়াল (পাশের অংশ) বা শোল্ডারে পাংচার হলে তা কখনোই মেরামত বা প্যাচ লাগানো উচিত নয়। কারণ গাড়ি চলার সময় সাইডওয়াল ক্রমাগত নমনীয় ও প্রসারিত হয়, ফলে প্লাগ বা প্যাচ খুলে গিয়ে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। সাইডওয়াল ক্ষতিগ্রস্ত হলে টায়ার বদলে ফেলা ছাড়া কোনো নিরাপদ পথ নেই।
অন্য যেসব কারণে টায়ার বদলে ফেলা জরুরি
শুধু পাংচারই নয়, নিচের লক্ষণগুলো দেখা গেলেও দেরি না করে নতুন টায়ার লাগিয়ে নেওয়া উচিত…
১. ট্রেডের ক্ষয়: টায়ারের ট্রেড ডেপথ বা খাঁজ কমে ১.৬ মিলিমিটারের কম হয়ে গেলে।
২. ফোলা অংশ বা কাট: টায়ারের কোনো অংশ ফুলে উঠলে (Bulge) কিংবা বড় ধরনের কাট দেখা দিলে।
৩. ঘন ঘন প্রেশার কমে যাওয়া: দৃশ্যমান কোনো সমস্যা না থাকা সত্ত্বেও বারবার হাওয়া কমে গেলে।
৪. বয়স অতিক্রম: টায়ারের বয়স যদি ৫ থেকে ৬ বছর পার হয়ে যায় (ব্যবহার না করলেও সময়ের সাথে রাবার শক্ত ও নড়বড়ে হয়ে যায়)।
দূরপাল্লার যাত্রা কিংবা হাই-স্পিড ড্রাইভিংয়ে দুর্বল টায়ারযুগল মুহূর্তেই বড় দুর্ঘটনার কারণ হতে পারে। তাই ৩–৪ বার পাংচার হওয়া কিংবা সাইডওয়ালে ক্ষত দেখা দেওয়া টায়ার সারিয়ে চালানোর ভুল না করে, নিজের ও পরিবারের নিরাপত্তার স্বার্থে সময়মতো নতুন টায়ার ইনস্টল করে নিন।