ঢাকা: পুরাতন বাণিজ্যমেলার মাঠের পর এবার রাজধানীর বুদ্ধিজীবী কবরস্থানেও কিছু ককটেল ও বোমা সদৃশ বস্তুর সন্ধান পাওয়া গেছে। ওই স্থানকে নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে রেখেছে এসআরবি-২।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে এসআরবি-২ এর স্পেশাল কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার হাসান মুহাম্মদ মুহতারিম এ তথ্য জানান।
তিনি বলেন, ‘রাজধানীর বুদ্ধিজীবী কবরস্থানেও কিছু ককটেল বোমা সদৃশ বস্তু সম্পর্কে তথ্য পাওয়া গেছে। বর্তমানে এসআরবি-২ এর স্পেশাল কোম্পানির একটি বিশেষ দল ওই স্থানকে নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে রেখেছে।’
হাসান মুহাম্মদ মুহতারিম জানান, এসআরবি বোম্ব ডিসপোজাল ইউনিট সেখানে পৌছানোর পর প্রয়োজনীয় নিস্ক্রিয়করণ কার্যক্রম পরিচালনা করবে।
এর আগে, এদিন বিকেলে গণভবনের পেছনে পুরাতন বানিজ্য মেলার মাঠে ককটেল ও পেট্রল বোমা সদৃশ কিছু বস্তুর তথ্য পাওয়া যায়। তথ্য পাওয়ার পর এসআরবি-২ এর একটি বিশেষ দল এবং এসআরবি বম্ব ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌছে এবং বেশ কিছু বোমা সদৃশ বস্তু নিস্ক্রিয় করে।