ঢাকা: সুপ্রিম কোর্ট বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের (এসআরএফ) দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে থেকে র্যালিটি শুরু হয়। পরে র্যালিটি সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ প্রদক্ষিণ করে মূল ভবনের ফোয়ারার সামনে গিয়ে শেষ হয়।
তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে এসআরএফ। এরই অংশ হিসেবে এ বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
র্যালিতে এসআরএফ সভাপতি মো. দিদারুল আলম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান ডালিম, সাবেক সভাপতি মাসউদুর রহমান রানা, জ্যেষ্ঠ কার্যনির্বাহী সদস্য মাজহারুল হক মান্না, কোষাধ্যক্ষ ইমন মাহমুদ, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম ফকির, দফতর সম্পাদক রাব্বি হোসেন, প্রকাশনা সম্পাদক ইমরান নাফিজ, প্রশিক্ষণ ও কল্যাণ সম্পাদক সিরাজুল ইসলাম রুবেল, কার্যনির্বাহী সদস্য সৈয়দা সাবরিনা মজুমদারসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন। এছাড়া সুপ্রিম কোর্টে কর্মরত সাংবাদিকরাও র্যালিতে অংশগ্রহণ করেন।
পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা, অধিকার ও মর্যাদা রক্ষা এবং আদালতসংক্রান্ত সংবাদ দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠভাবে পাঠকের কাছে তুলে ধরার লক্ষ্য নিয়ে ২০২৪ সালে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের যাত্রা শুরু হয়।
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল করা, সদস্যদের পেশাগত দক্ষতা ও মানোন্নয়ন এবং পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।