ঢাকা: দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি মাস সেপ্টেম্বরের ৩০ দিনে প্রাণ হারিয়েছেন ১৪৮ জন। সেইসঙ্গে আক্রান্ত হয়েছে ৪৩ হাজার ৭৭৪ জন।
এছাড়া, ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে নতুন করে ১ হাজার ৯৪৮ জন আক্রান্ত হয়েছেন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬ জনের মৃত্যু হয়েছে। এসময়ে ডেঙ্গুতে আক্রান্ত ১ হাজার ৯৪৮ জনের মধ্যে বরিশাল বিভাগে ২১২ জন, চট্টগ্রাম বিভাগে ৩৪৩ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩২০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৮৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২১০ জন, খুলনা বিভাগে ২৪৮ জন, ময়মনসিংহ বিভাগে ১০২ জন, রাজশাহী বিভাগে ২১১ জন, রংপুর বিভাগে ৯৯ জন এবং সিলেট বিভাগের ১৪ জন রোগী।
এদিকে, চলতি বছর এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে ২৪৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, চলতি বছর এখন পর্যন্ত ৭৯ হাজার ৬২০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ৫৪৮৫ জন রোগী। এই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৭৩ হাজার ৮৯০ জন।