Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গোপালগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ অক্টোবর ২০২৬ ২১:২৮

সংঘর্ষ। প্রতীকী ছবি

গোপালগঞ্জ: জেলার কোটালীপাড়ায় পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে উপজেলার গোপালপুর গ্রামের বড় ব্রিজের নিচে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আহতরা হলেন— গোপালপুর গ্রামের নজরুল শিকদার (৫০), নাফিস শিকদার (২২), ইয়াছিন শিকদার (২৪), রয়েল শিকদার (২১), আকবর শিকদার (৪২) ও বাদল শিকদার (৪৭)। অপর পক্ষের মুজাফফর শিকদার, পলাশ শিকদার, শহিদুল শিকদার, আলামিন শিকদার ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক লাভলু শিকদার গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন স্বজনরা।

বিজ্ঞাপন

হাসপাতাল সূত্রে জানা গেছে, শহিদুল শিকদারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে। অন্যদিকে কোটালীপাড়া হাসপাতালে ভর্তি আহতদের মধ্যে নজরুল, নাফিস, ইয়াছিন ও রয়েলকে উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

স্থানীয়রা জানান, দুই দিন আগে পলাশ শিকদারের সঙ্গে কয়েকজনের কথাকাটাকাটি ও গালিগালাজের ঘটনা ঘটে। এর প্রতিবাদ করায় হামলায় কয়েকজন আহত হন। ওই ঘটনার জের ধরেই বৃহস্পতিবার সকালে দুই পক্ষের মধ্যে ফের সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন।

তবে সংঘর্ষের জন্য পরস্পরকে দায়ী করেছে দুই পক্ষ। বাদল শিকদারের বোন ছাবিকুননাহার অভিযোগ করেন, মঙ্গলবার পলাশ শিকদাররা তাদের ওপর হামলা চালিয়ে পাঁচজনকে গুরুতর আহত করেন। অন্যদিকে পলাশ শিকদার দাবি করেন, নজরুল শিকদাররা তাদের ওপর হামলা চালিয়ে পাঁচজনকে গুরুতর আহত করেছেন।

কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. এমডি নাঈম হোসেন বলেন, ‘আহতদের জখমের স্থানে সেলাই করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। অভ্যন্তরীণ রক্তক্ষরণ আছে কি না, তা পরীক্ষা করতে কয়েকজনকে গোপালগঞ্জে রেফার করা হয়েছে।’

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রিয়াদ মাহমুদ বলেন, ‘এ ঘটনায় এক পক্ষের একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

সারাবাংলা/এমএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর