ডিজিটাল পেমেন্টের ব্যবহার বাড়ানো এবং বাংলা কিউআর সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে রাজধানীর বনানী কাঁচাবাজারে ‘ক্যাশলেস বাংলাদেশ’ প্রচারণামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে এবং ডাচ্-বাংলা ব্যাংকের সহযোগিতায় আয়োজিত এ কার্যক্রম উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এহতেশামুল হক খান উপস্থিত ছিলেন।
কার্যক্রমের অংশ হিসেবে মন্ত্রী ডাচ্-বাংলা ব্যাংকের অ্যাপ ব্যবহার করে বাংলা কিউআরের মাধ্যমে একটি পণ্য কেনেন। এ সময় তিনি বাংলা কিউআরকে নিরাপদ পেমেন্ট প্ল্যাটফর্ম হিসেবে উল্লেখ করে ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়ার লক্ষ্য বাস্তবায়নে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান।
মন্ত্রী বলেন, কিউআর কোডের মাধ্যমে লেনদেনের ফলে নগদ টাকা বহনের প্রয়োজন কমবে এবং পেমেন্ট প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত হবে। তিনি জানান, এ উদ্যোগের আওতায় কিউআর কোড ব্যবহার করে বিভিন্ন ধরনের লেনদেন বিনামূল্যে করার সুযোগ রয়েছে।
সরকারের ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়ার লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ডাচ্-বাংলা ব্যাংক দেশজুড়ে গ্রাহক ও ব্যবসায়ীদের মধ্যে বাংলা কিউআরের ব্যবহার বাড়াতে ধারাবাহিকভাবে সচেতনতামূলক ও প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করছে।
ডাচ্-বাংলা ব্যাংকের নেক্সাসপে ও রকেটের মাধ্যমে বাংলা কিউআর ব্যবহার করে তাৎক্ষণিকভাবে ক্যাশবিহীন লেনদেন করা যায়। ডিজিটাল পেমেন্টের ব্যবহার বাড়ানোর পাশাপাশি দেশে আরও সহজ, দ্রুত ও ক্যাশলেস পেমেন্ট ব্যবস্থা গড়ে তুলতে ব্যাংকটি কাজ করছে।