ঢাকা: পুরান ঢাকার মিটফোর্ড এলাকায় ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল হাসান মাহিনের হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।
রোববার (৪ অক্টোবর) হাইকোর্টের জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন।
এর আগে গত ২৮ সেপ্টেম্বর বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি সৈয়দ হাসান যুবাইরের হাইকোর্ট বেঞ্চ মাহিনকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন। একই সঙ্গে তাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। তবে হাইকোর্টের ওই আদেশের বিষয়টি প্রকাশ্যে আসে ১ অক্টোবর। হাইকোর্টে মাহিনের পক্ষে জামিন আবেদনের শুনানি করেন আইনজীবী মোহাম্মদ আসাদুজ্জামান।
হাইকোর্টের জামিনের বিষয়ে তখন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন জানিয়েছিলেন, মাহিনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ না থাকার বিষয়টি বিবেচনায় নিয়ে আদালত তাকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন।
অন্যদিকে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল জানিয়েছিলেন, হাইকোর্টের ওই আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করবে। পরে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে চেম্বার আদালত মাহিনের জামিন স্থগিতের আদেশ দেন।
মামলার নথি অনুযায়ী, গত বছরের ৯ জুলাই পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের কাছে রজনী ঘোষ লেনে ৩৯ বছর বয়সী লাল চাঁদ ওরফে সোহাগকে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের পর ইট ও পাথর দিয়ে বারবার আঘাত করে হত্যা করা হয়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক আলোচনার জন্ম দেয়।
এ ঘটনায় পরদিন নিহত সোহাগের বড় বোন মঞ্জুয়ারা বেগম কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। মামলায় ১৯ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়।
তদন্ত শেষে চলতি বছরের ১২ জুলাই ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত মামলাটিতে ২১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।