Sunday 04 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যাত্রাবাড়ীতে ১৭ হত্যা: তদন্ত প্রতিবেদন দাখিলে ফের সময়

স্টাফ করেসপন্ডেন্ট
৪ অক্টোবর ২০২৬ ১৭:৪৬ | আপডেট: ৪ অক্টোবর ২০২৬ ১৯:০৮

ঢাকা: চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে ১৭ জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনুসহ আসামিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলে আরও এক মাস সময় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ৮ নভেম্বর প্রতিবেদন দাখিলের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অপর সদস্য বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

এদিন মামলার তদন্তের অগ্রগতি তুলে ধরে প্রতিবেদন দাখিলের জন্য আরও এক মাস সময় চান প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। শুনানি শেষে আদালত সময়ের আবেদন মঞ্জুর করে নতুন তারিখ নির্ধারণ করেন।

বিজ্ঞাপন

মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা পাঁচ আসামির মধ্যে রয়েছেন সাবেক এমপি কাজী মনিরুল ইসলাম মনু, যাত্রাবাড়ী থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান, যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মুন্না, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শফিকুল ইসলাম খান এবং মোক্তার হোসেন।

এর আগে গত ৩ আগস্ট আসামিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দুই মাস সময় চেয়েছিল প্রসিকিউশন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে ৪ অক্টোবর প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছিলেন ট্রাইব্যুনাল।

তবে নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত শেষ না হওয়ায় রোববার আবারও সময়ের আবেদন করে প্রসিকিউশন। শুনানি শেষে আদালত আরও এক মাস সময় দিয়ে আগামী ৮ নভেম্বর প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেন।

প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১৯ ও ২০ জুলাই রাজধানীর যাত্রাবাড়ীতে ১৭ জনকে হত্যা করা হয়। এসব হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলাটি করা হয়।

মামলাটির তদন্ত এখনো চলমান রয়েছে। তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিলের পর আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।