ইন্দোনেশিয়ার বিপক্ষে ৯-২ গোলে হারের হতাশার মধ্যে বড় বিতর্কের জন্ম দিয়েছেন জাতীয় দলের দুই ফুটবলার সাদ উদ্দিন ও সোহলে রানা জুনিয়র। ম্যাচে বিধ্বস্ত হওয়ার পর নিয়ম ভেঙে নাইট ক্লাবে যাওয়ার অভিযোগ উঠে দুই ফুটবলারের বিরুদ্ধে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ছড়িয়ে পরলে ব্যাপক বিতর্কের সৃষ্টি করে বিষয়টি। এদিকে, এমন কর্মকাণ্ডে হতাশ বাংলাদেশ ফুটবল ফেডারেশনও (বাফুফে)। অভিযোগ প্রমাণ হলে দুই ফুটবলারকে বড় শাস্তির মুখে পড়তে হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
এদিকে, ফুটবলারদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে ছড়িয়ে পরা ছবিটি এই সময়ের নয়, অনেকদিন আগের। কিন্তু বেশিরভাগ জায়গা থেকে দাবি করা হচ্ছে ছবিটি আগের নয় বরং ইন্দোনেশিয়ার বিপক্ষে বিশাল ব্যবধানে হেরে যাওয়ার পরের রাতের। প্রকৃত ঘটনা বের করতে ইতোমধ্যেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।
এশিয়ান গেমসে পদকজয়ী উশু খেলোয়াড় জিন্নাত আক্তারকে সংবর্ধনা দেওয়া অনুষ্ঠানে যোগ দেন ক্রীড়া প্রতিমন্ত্রী। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হলে উঠে এই প্রসঙ্গ। আমিনুল হক বলেন, ‘ফুটবলের ফলাফল এমনিতেই খুব খারাপ হয়েছে। তার ওপর এই অভিযোগ। আমি খুব হতাশ হয়েছি। ওই সময় কারা ম্যানেজমেন্টে ছিলেন, সে বিষয়গুলোও আমরা খতিয়ে দেখছি। আমি পরিষ্কারভাবেই বলছি, যারা নাইট ক্লাবে গিয়েছেন; এমন অভিযোগ প্রমাণিত হলে শৃঙ্খলাভঙ্গের জন্য অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। তারা যদি ক্রীড়া ভাতার আওতায় থাকেন, তাহলে তা বাতিল করা হবে।’
ক্রীড়া প্রতিমন্ত্রী আরও বলেন, ‘বাফুফে সভাপতির সঙ্গে কথা বলেছি। তিনি সম্ভবত দেশের বাইরে আছেন। তিনি ফিরলে বাকি বিষয়গুলো নিয়ে কাজ করব। এ বিষয়ে এরই মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এমন পারফরম্যান্সের পর এ ধরনের কাজ করার দুঃসাহস কীভাবে পেল, সেটিও খতিয়ে দেখা হবে। সবকিছুই তদন্ত করা হবে।’